আফগানিস্তানে গিয়ে যুদ্ধে অংশ নেন শেখ ফরিদ
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের হয়ে আফগান যুদ্ধে অংশ নিয়েছিলেন মাওলানা শেখ ফরিদ ওরফে শওকত ওসমান। আজ বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আত্মপক্ষ বক্তব্য উপস্থাপন করার সময় এ কথা বলেন শেখ ফরিদ।
আজ শেখ ফরিদ ছাড়া আরও দুজন আত্মপক্ষ সমর্থন ও নির্দোষ দাবি করে তাঁদের বক্তব্য উপস্থাপন করেছেন। তাঁরা হলেন আবদুর রউফ ও আবদুল হান্নান ওরফে সাব্বির।
আজ তিন আসামির বক্তব্য উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন আগামী ২০ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন। ওই দিন বাকি আসামিদের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপনের জন্য রাখা হয়েছে। আজ বুধবার পর্যন্ত সাতজন আসামি নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য উপস্থাপন করলেন।
আসামি শেখ ফরিদ আত্মপক্ষ সমর্থন করে আদালতকে বলেন, হরকাতুল জিহাদ নামে তাঁদের সংগঠন ছিল। সারা পৃথিবীতে মজলুমের সাহায্য করতে তাঁরা ফিলিস্তিন, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে যুদ্ধে যেতেন। আসামি মাওলানা ইয়াহিয়া, আবদুর রউফ ও মুফতি হান্নান তাঁদের সঙ্গে ছিলেন। শেখ ফরিদ আফগানিস্তানে ও আরাকান গিয়েছিলেন। ১৯৯৮ সালে মুফতি হান্নান ইসলামিক গণতান্ত্রিক আন্দোলন নামে আরেকটি সংগঠন করেন। এসব তথ্য জানানোর সময় আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে বক্তব্য উপস্থাপন থেকে বিরত করেন। শেখ ফরিদ আদালতে লিখিত বক্তব্য উপস্থাপন করবেন বলে আদালতকে জানান।
এ বিষয়ে এ মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, হরকাতুল জিহাদ নামের কোনো সংগঠন নেই বলে এর আগে দাবি করা হয়েছিল। আজ আসামি নিজেই সেই সংগঠনের অস্তিত্ব ছিল বলে আদালতে প্রকাশ করলেন। সৈয়দ রেজাউর রহমানকে সহায়তা করেন বিশেষ সরকারি কৌঁসুলি মোশাররফ হোসেন, আবু আবদুল্লাহ ভূঁইয়া ও আকরাম উদ্দিন।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত হত্যা ও বিস্ফোরক মামলা দুটির বিচারকাজ চলছে।
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ ওই হামলায় অল্পের জন্য বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন ওই হামলায় নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতা-কর্মী।