আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের
আফগানিস্তানের টেকসই উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান ৭১তম অধিবেশনে আফগানিস্তানের পরিস্থিতির ওপর গতকাল বৃহস্পতিবার এক বক্তৃতায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এ আহ্বান জানান।
আজ শুক্রবার ভোরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মাসুদ বিন মোমেন বলেন, আফগানিস্তানে সন্ত্রাসী ও উগ্র মৌলবাদীদের অব্যাহত হুমকির বিষয়ে বৈশ্বিক উদ্বেগের সঙ্গে বাংলাদেশ একাত্মতা প্রকাশ করছে। ‘ট্রান্স ন্যাশনাল অর্গানাইজড ক্রাইম’ প্রতিরোধে গুরুত্বারোপ করে তিনি বিশেষত নিষিদ্ধ মাদক পাচার রোধে তদারকি, গোয়েন্দা তৎপরতা, তদন্ত ও আইন প্রয়োগের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সব সময়ই দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক অধিকতর গভীর ও প্রসারিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
প্রতিবেশী দেশসমূহের সহযোগিতায় আঞ্চলিক কানেকটিভিটির কেন্দ্র হিসেবে আফগানিস্তানের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। এটি দক্ষিণ এশিয়ার মানুষের জন্য উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত করতে ভূমিকা রাখবে বলে তিনি মত দেন।
বাংলাদেশকে উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করে মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ আফগানিস্তানকে নারীর ক্ষমতায়ন, অনানুষ্ঠানিক শিক্ষা, কমিউনিটি স্বাস্থ্যসেবা, পানি ও পয়োনিষ্কাশন, মানবসম্পদ উন্নয়ন, বিচার ব্যবস্থার সংস্কার, ব্যাংকিং ও আর্থিক খাত সংস্কার, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি সম্প্রসারণ, যুব উন্নয়ন এবং সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদ গতকাল সর্বসম্মতিক্রমে ‘দি সিচুয়েশন ইন আফগানিস্তান’ বিষয়ে একটি রেজ্যুলেশন গ্রহণ করে।