আফগানিস্তানের পরিস্থিতিতে নজর রাখছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্র মন্ত্রণালয়

বিদেশি নাগরিকসহ সবার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আফগানিস্তানের সব অংশীজনকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ নিবিড়ভাবে আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর নজর রাখছে, যা এ অঞ্চল ও তার বাইরে প্রভাব ফেলবে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও আফগানিস্তানের অভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। সার্কের সদস্য আফগানিস্তান দক্ষিণ এশিয়ার অবিচ্ছেদ্য অংশ। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আফগানিস্তানের সরকার ও জনগণের অমূল্য সমর্থনের কথা বাংলাদেশ স্মরণ করে।  এ অঞ্চলের টেকসই উন্নয়নের স্বার্থে এবং বিকাশ ও সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর দূরদর্শী নীতি বাস্তবায়ন করতে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ বিশ্বাস করে, দেশটির জনগণের নির্বাচিত একটি গণতান্ত্রিক ও বহুত্ববাদী আফগানিস্তান দেশটির স্থিতিশীলতা ও উন্নয়নের একমাত্র গ্যারান্টি।  এ ক্ষেত্রে বাংলাদেশ নিজেকে সম্ভাব্য উন্নয়ন সহযোগী ও আফগানিস্তানের বন্ধু বিবেচনা করে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা মৌলিক শিক্ষা, কমিউনিটি স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, জলবায়ু পরিবর্তন অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, আইসিটিসহ সরকারি সেবার বিষয়ে ভালো দৃষ্টান্তগুলো বিনিময় করতে চাই। ২০ বছর ধরে বাংলাদেশের এনজিওগুলো আফগানিস্তানে কাজ করে সেই দক্ষতার পরিচয় দিয়েছে। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আফগানিস্তানের জনগণের ওপর তাদের দেশ পুনর্নির্মাণ ও ভবিষ্যতের গতিপথ নির্ধারণের বিষয়টি নির্ভর করে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য আফগানিস্তানের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে বাংলাদেশ খুশি হবে।’