কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন দিন দিন জমে উঠছে। মেয়র পদপ্রার্থীদের পক্ষে কেন্দ্রীয় রাজনৈতিক নেতাদের প্রচারণা আর গণসংযোগে কুমিল্লা রূপ নিয়েছে নির্বাচনের নগরে।আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আফজল খানের পক্ষে গতকাল বৃহস্পতিবার মাঠে নেমেছেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন। একই দিনে জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী এয়ার আহমেদের সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় মহাসচিব, প্রেসিডিয়াম সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মনিরুল হকের পক্ষে গণসংযোগ করেন সংগীতশিল্পী আসিফ আকবর।আগামী ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আফজল খানের পক্ষে গতকাল বিকেলে প্রচারণা চালান আবদুল মতিন খসরু এবং আ ক ম বাহাউদ্দিন। বিকেল চারটায় নগরের মোগলটুলী এলাকায় আফজল খানের পক্ষে বৈঠক হয়। ওই বৈঠকে এই দুজন ছাড়াও প্রার্থী আফজল খান, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার উপস্থিত ছিলেন। আবদুল মতিন খসরু বলেন, ‘মেয়র পদপ্রার্থীদের মধ্যে আফজল খানের অভিজ্ঞতা, লেখাপড়া ও বয়স বেশি। শেষবারের মতো আপনারা আফজল খানকে ভোট দিন।’ পরে নগরের গর্জনখোলা এলাকায় এক বৈঠকে আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘নেত্রী শেখ হাসিনার সমর্থিত প্রার্থীকে ভোট দিন।’জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী এয়ার আহমেদের উদ্যোগে গতকাল বেলা তিনটায় কুমিল্লা টাউন হলের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন হয়। এতে দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ বলেন, ‘এয়ার আহমেদের গায়ে রক্তের দাগ নেই। এক-এগারো ও অপারেশন ক্লিন হার্টের সময় অন্য প্রার্থীরা কুমিল্লায় ছিলেন না। এয়ার আহমেদ কুমিল্লায় থেকে রাজনীতি করেছেন। তাঁর পক্ষে নীরব সমর্থন রয়েছে। সুষ্ঠু ভোট হলে তিনি জয়ী হবেন।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এ এইচ এন শফিকুর রহমান ও প্রার্থী এয়ার আহমেদ। নাগরিক কমিটির প্রার্থী মনিরুল হকের পক্ষে নগরের নবাববাড়ি এলাকায় বিকেলে গণসংযোগ করেন আসিফ আকবর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক কাইমুল হক ও প্রার্থী মনিরুলের স্ত্রী আফরোজা জেসমিন। এদিকে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান গতকাল নগরের চর্থা এলাকায় গণসংযোগ করেন।