কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রবীণ সদস্য ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. আবদুর রউফ বলেছেন, কুমিল্লা মডার্ন হাইস্কুলের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের নেতা আফজল খান নন। ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ কুমিল্লা শহরের বাগিচাগাঁও এলাকার প্রয়াত মোহাম্মদ আবদুল কুদ্দুস। গতকাল শনিবার সকাল ১০টা ৪৯ মিনিটে মুঠোফোনে তিনি প্রথম আলোর এ প্রতিবেদকের কাছে ওই দাবি করেন। তিনি আরও বলেন, ‘কুমিল্লা মডার্ন হাইস্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুল কুদ্দুস। আমরা সবাই সব জায়গাতেই তাঁর নাম উচ্চারণ করি। প্রথম আলোয় আফজল খানের নাম প্রতিষ্ঠাতা হিসেবে ছাপা হওয়ায় আমি খুব দুঃখ পেয়েছি। মানুষ এতে বিভ্রান্ত হবে।’প্রথম আলোর পৃষ্ঠা-৫-এ গতকাল শনিবার ‘কুমিল্লা মডার্ন হাইস্কুল: ৪৮ জিডি ও পাঁচ মামলায় শিক্ষককে হয়রানি!’ শীর্ষক প্রতিবেদনের শেষ অংশে কুমিল্লা মডার্ন হাইস্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে আফজল খানের নাম ছাপা হয়। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান এর প্রতিবাদ করেন। তাঁর সঙ্গে মৌখিকভাবে কুমিল্লার প্রবীণ আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও বেশ কয়েকজন নারীনেত্রীও প্রতিবাদ জানান। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের সাইনবোর্ডে প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর নাম লেখা রয়েছে।