কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খানের।এর পরেই রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক।রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামা ঘেঁটে সম্পদ-বিবরণীর এ তথ্য পাওয়া গেছে। হলফনামার ৫ ও ৬ নম্বর কলামে প্রার্থীরা নিজেই তাঁদের বার্ষিক আয়ের উৎস, অস্থাবর ও স্থাবর সম্পদের বিবরণী উপস্থাপন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আফজল খানের বার্ষিক আয় কৃষি খাত থেকে ২৭ হাজার টাকা; বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া থেকে ৭৫ হাজার ৬০০ টাকা; ব্যবসা থেকে নয় লাখ ৬৬ টাকা; ব্যাংকে জমা টাকার লভ্যাংশ বাবদ এক লাখ ৪০ হাজার ২৫০ টাকা। আফজল খানের অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ টাকা ৫০ হাজার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩৫ লাখ ৫৮ হাজার ৯২৬ টাকা, জিপগাড়ি একটি, ২০ ভরি স্বর্ণ, টিভি, ফ্রিজ, পাখা, খাট ও সোফাসেট। স্থাবর সম্পদের মধ্যে কৃষিজমি ৫ দশমিক ৬৮ একর, অকৃষিজমি ১ দশমিক সাড়ে ৩২ একর ও ৫ কাঠা, তিনতলা আবাসিক ভবন, ঢাকায় একটি ফ্ল্যাট, ১ দশমিক ৫৫ একর মৎস্য খামার, ১ দশমিক ৬০ একর পুকুর ও ২৫ দশমিক ১৭ একর অন্যান্য সম্পদ আছে। একই সঙ্গে তাঁর স্ত্রী ও নির্ভরশীল সন্তানদের নামে কিছু সম্পদ রয়েছে।অন্যদিকে মো. মনিরুল হকের বার্ষিক আয়, বাড়ি ও দোকান ভাড়া থেকে ৪৫ হাজার ৬০০ টাকা, স্থায়ী আমানত (এফডিআর) থেকে প্রাপ্ত সুদ দুই লাখ ৩৫ হাজার ৫৭৫ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা এক কোটি ১১ লাখ ৭৫ হাজার ৮৭৫ টাকা, ব্যাংকে জমা সাত হাজার ৭৬৬ টাকা, শেয়ারে বিনিয়োগ দুই লাখ টাকা, স্থায়ী আমানতে বিনিয়োগ ৩০ লাখ ৭৫ হাজার ৯৩৭ টাকা, প্রাইভেট কার দুটি, ৫০ হাজার টাকার ১০ তোলা স্বর্ণ, ৪৭ হাজার টাকার ইলেকট্রনিক-সামগ্রী। স্থাবর সম্পদের মধ্যে অকৃষিজমির পরিমাণ সাত দাগে ১৮ কাঠা, দশমিক শূন্য ৯২৩ একর, দশমিক শূন্য ১৬ একর ও দশমিক শূন্য ৪১৯৯ একর এবং দোকান পজেশন বাবদ সাত লাখ টাকা আছে। তা ছাড়া মনিরুলের স্ত্রী আফরোজা জেসমিনের নামে বিপুল পরিমাণ অস্থাবর ও স্থাবর সম্পদ রয়েছে। জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী এয়ার আহমেদের বার্ষিক আয় কৃষি খাত থেকে ১০ হাজার টাকা, ব্যবসা থেকে ৩৫ লাখ ৯৩ হাজার ৪০৪ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা দুই লাখ, ব্যাংকে জমা তিন লাখ, প্রাইভেট কার একটি, টিভি, ফ্রিজ, খাট, সোফা, আলমারি, এসি ও ব্যবসার মূলধন ৩৪ লাখ টাকা। স্থাবর সম্পদের মধ্যে কৃষিজমি ৮০ শতক, অকৃষিজমি ১০ শতক, তিনতলা আবাসিক ভবন একটি। ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য নূর-উর রহমান মাহমুদের বার্ষিক আয় ২৮ লাখ টাকা। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমানের বার্ষিক আয় তিন লাখ ২৮ হাজার ৪৮০ টাকা। অন্য চার মেয়র পদপ্রার্থী—শিরিন আক্তার, চঞ্চল কুমার ঘোষ, মো. মামুনূর রশিদ ও সালমান সাইদের সম্পদের পরিমাণ উল্লিখিত পাঁচ মেয়র পদপ্রার্থীর তুলনায় কম।রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক প্রার্থীদের সম্পদের ও বার্ষিক আয়ের বিবরণ জানানোর শর্ত আছে।