আফতাব আহমেদ হত্যা মামলার তদন্তে র্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ আলোকচিত্র সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলার তদন্ত র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এই আদেশে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম তৌহিদুল আলম।
একুশে পদক পাওয়া প্রবীণ আলোকচিত্র সাংবাদিক আফতাব আহমেদ গত ২৫ ডিসেম্বর নৃশংসভাবে খুন হন। রাজধানীর রামপুরার বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে আশঙ্কা ডিবির। এর পরদিন ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) রামপুরা থানায় হত্যার ঘটনায় একটি মামলা হয়। মামলা করেন আফতাব আহমেদের ছেলে মনোয়ার আহমেদ। আফতাব আহমেদের ব্যক্তিগত গাড়িচালক কবিরকে প্রধান আসামি করে ও অজ্ঞাত কয়েক ব্যক্তির কথা উল্লেখ করে ওই মামলাটি করা হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে আলোচিত অসংখ্য ছবি তুলেছিলেন আফতাব আহমেদ। তাঁর তোলা ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, ৭ নভেম্বর সিপাহি বিপ্লব ইত্যাদি। তবে আফতাব আহমেদ সবচেয়ে বেশি আলোচিত ছিলেন ১৯৭৪ সালে দুর্ভিক্ষের সময় তোলা ‘জাল পরা বাসন্তি’র ছবির কারণে। বাসন্তির সেই ছবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরি করার পর ১৯৬৪ সালে ‘দৈনিক ইত্তেফাক’-এ ফটোসাংবাদিক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। টানা কাজ করার পর ‘দৈনিক ইত্তেফাক’ থেকে ২০০৬ সালে স্বেচ্ছায় অবসর নেন তিনি। ওই বছরই একুশে পদক পান আফতাব আহমেদ।