আখতার ইন্ডাস্ট্রিয়াল পার্কে পুড়ে গেছে ম্যাট্রেস কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে আখতার ইন্ডাস্ট্রিয়াল পার্কে ম্যাট্রেস তৈরির শেডে আজ মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে দেলোয়ার নামের এক শ্রমিক আহত হয়েছেন। তিনি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আখতার ইন্ডাস্ট্রিয়াল পার্কটি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোডনগরে অবস্থিত। সেখানে দুই তলাবিশিষ্ট ১০টি শেড আছে। প্রতিটি শেডের ছাদই ভারী টিনের। চারপাশ দেয়াল দিয়ে ঘেরা। তবে এখনো সব কটি শেড চালু হয়নি। ঘটনার পরপরই চালু থাকা শেডগুলোর কর্মীদের ছুটি দিয়ে দেওয়া হয়।

আহত দেলোয়ারের ভাষ্য, সকাল ১০টার সময় প্রায় ৫০ জন শ্রমিক ২ নম্বর শেডের কাজ শুরু করেন। কিছুক্ষণ পরই মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে গ্যাসের সিলিন্ডার, রাসায়নিক পদার্থ ও আঠাজাতীয় দাহ্য পদার্থ ছিল।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, আগুনে সাড়ে ১২ হাজার ঘনফুটের শেডটি পুরোটাই ধ্বংস হয়ে গেছে। ভেতরে থাকা সব যন্ত্র ও কাঁচামাল নষ্ট হয়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, সাভার, ডিইপিজেড এবং মানিকগঞ্জ থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে আসে। বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো শেড থেকে ধোঁয়া বের হচ্ছে। সেখানে পানি ছিটানো হচ্ছে।

প্রতিষ্ঠানের মালিক আখতার-উর জামান বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ দুই থেকে তিন কোটি টাকা। আগুন লাগার কারণ কী জানতে চাইলে বলেন, শর্টসার্কিট, গ্যাসের সিলিন্ডার অথবা মেশিন থেকে আগুন লাগতে পারে।