আফরোজা আজ দেশে ফিরতে পারে
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের হলিচাইল্ড হোমে আশ্রয় পাওয়া নাটোরের নলডাঙ্গা উপজেলার দাসপাড়া গ্রামের আফরোজা নামের সেই কিশোরী আজ শনিবার দেশে ফিরতে পারে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অতিরিক্ত মহাপরিচালক বিডি শর্মা গতকাল শুক্রবার জানান, শনিবার সকালে একটি ফ্লাইটে আফরোজাকে সঙ্গে নিয়ে তিনি বাংলাদেশে যাবেন। এরপর তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের হাতে তুলে দেবেন।
২০০৯ সালের শুরুর দিকে দালাল মারফত হিলির সীমান্ত দিয়ে মা ও ভাইয়ের সঙ্গে ভারতে ঢোকে আফরোজা। এরপর তারা কলকাতা হয়ে দিল্লি যায়। সেখানে এক আত্মীয়ের বাসায় কয়েক দিন থাকার পর তারা শিলিগুড়িতে ফিরে আসে। সেখান থেকে তারা বালুরঘাট সীমান্তে যায়। এদিনই পুলিশ তাদের গ্রেপ্তার করে বালুরঘাট জেলা কারাগারে পাঠায়। পরে বালুরঘাট আদালতে বিচারে আফরোজার মাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর নাবালক হওয়ায় তার ভাইকে বালুরঘাটে শুভায়ন হোমে পাঠানো হয়। কিন্তু আফরোজাকে মায়ের সঙ্গে মুর্শিদাবাদের বহরমপুরের কারাগারে পাঠানো হয়। ওই বছরের অক্টোবর মাসে তার মায়ের মৃত্যু হয়।