আফরোজা ভাঙা ঘরে চাঁদের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা-বাবার সঙ্গে অদম্য মেধাবী আফরোজা আক্তার লিমা। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: প্রথম আলো
মা-বাবার সঙ্গে অদম্য মেধাবী আফরোজা আক্তার লিমা। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: প্রথম আলো

অভাব-অনটন সংসারের নিত্যসঙ্গী। বাবা বর্গা চাষি। বাড়ি বলতে ছোট একটি দোচালা টিনের ঘর। সেই টিনেও শত ছিদ্র। এমন এক পরিবারের মেয়ে হয়েও মেধা আর ইচ্ছাশক্তির জোরে সব বাধা জয় করেছে অদম্য মেধাবী আফরোজা আক্তার ওরফে লিমা। তাকে দেখতে এখন ভাঙা ঘরে লোকের ভিড়। আফরোজার আলো যেন ছড়িয়ে পড়ছে গ্রামের মেঠো পথে। অভাব আর নানা সীমাবদ্ধতা ডিঙিয়ে অদম্য কিশোরী আফরোজার কৃতিত্বের গল্প এখন গ্রামের সবার মুখে মুখে।

এ বছর এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে আফরোজা। সে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আরএসকেএইচ ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়। আফরোজার বাড়ি উপজেলা সদরের গোপালপুর গ্রামে।

শহীদুল ইসলাম ও নাছিমা বেগম দম্পতির দুই মেয়ের মধ্যে আফরোজা বড়। বাবা শহীদুল ইসলাম বর্গা চাষি। পৈতৃক সূত্রে পাওয়া বসতবাড়ি ছাড়া কোনো জমি নেই।

আফরোজার মা নাছিমা বেগম বলেন, অষ্টম শ্রেণিতে পড়ার সময় তাঁর বিয়ে হয়ে যায়। ইচ্ছা থাকলেও পড়তে পারেননি। এখন মেয়েকে পড়াতে চান। এত কষ্ট সত্ত্বেও মেয়ে ভালো ফল করায় খুব খুশি।
এই সাফল্যে খুশি হলেও মেয়ের উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা রয়েছে নাছিমা বেগমের। তিনি বলেন, ‘আমার অভাবের সংসার। এখন পড়ার খরচ আরও বাড়বে। আমি কীভাবে মেয়ের আশা পূরণ করব।’
বাবা শহীদুল ইসলাম জানান, মৌসুমি ফসল বিক্রির টাকায় সংসারই ঠিকমতো চলতে চায় না। তার ওপর মেয়ের পড়ালেখার খরচ চালাতে তাঁদের হিমশিম খেতে হয়। মেয়ে পরীক্ষায় ভালো করেছে, এতে তাঁদের আনন্দ যেমন, দুশ্চিন্তাও তেমন। মেয়ের কলেজে ভর্তি, পড়াশোনার খরচ এখন মাথাব্যথার কারণ।

মা-বাবার এই কষ্ট বুঝতে পারে আফরোজা। তবে তার ভেতরে বড় কিছু হওয়ার স্বপ্ন বাসা বেঁধেছে। লেখাপড়া ছাড়া এই স্বপ্নপূরণের আর কোনো পথও জানা নেই তার।
আফরোজাদের বাড়িতে গিয়ে দেখা গেল, ছোট একটি টিনের ঘরে তাদের বসবাস। ঘরের চালের টিনে অসংখ্য ছিদ্র। বাড়ির ছোট উঠানে গ্রামের বেশ কিছু মানুষ। তারা আফরোজার সাফল্যের খবর শুনে তাকে দেখতে এসেছেন।
সিঙ্গাপুরপ্রবাসী রবিউল ইসলাম নিয়ে এসেছেন মিষ্টি। তিনি বলেন, ‘আফরোজার হার না-মানা এই মানসিকতা ও পরিশ্রম বৃথা যায়নি। ইচ্ছাশক্তি তাকে বহু দূর নিয়ে যাবে।’

আফরোজা জানায়, সকাল সাতটা বাজার সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে দুই মাইল দূরের বিদ্যালয়ে যেতে হতো। সারা দিন বিদ্যালয়ের ক্লাস করে বিকেল চারটায় বাড়ি ফিরে টিউশনি করতে হতো। একদিকে সংসারের খরচ, অন্যদিকে পড়াশোনার খরচ বাবা মেটাতে পারতেন না। পরিবারে আর্থিক অনটন রয়েছে ঠিকই, তবে সে কখনোই স্বপ্ন থেকে পিছপা হয়নি। তাই সাফল্য এসেছে।
প্রতিদিন সাত-আট ঘণ্টা পড়ালেখা করত আফরোজা। প্রাথমিক শিক্ষা সমাপনী এবং জেএসসিতেও ট্যালেন্টপুলে বৃত্তিসহ জিপিএ-৫ পায় সে। বিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সে সামনের সারিতে থাকত। বিতর্ক ও উপস্থিত বক্তৃতা তার প্রিয় বিষয়।
আফরোজা ভালো একটি কলেজে ভর্তি হতে চায়। মাধ্যমিক পাস করে বুয়েটে পড়ার ইচ্ছা তার।

আফরোজা জানায়, তাকে পড়ালেখার বিষয়ে নানাভাবে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার চক্রবর্তী, বিজ্ঞান শিক্ষক কামরুজ্জামান ও ইংরেজি শিক্ষক আকবর হাসমত হায়দার।

প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম বলেন, ‘সব প্রতিবন্ধকতা ডিঙিয়ে অদম্য মেধাবী আফরোজার স্বপ্ন পূরণ হবে, আমরা সে প্রতীক্ষায় আছি।’