আফরোজার দেশে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফরোজা
আফরোজা

মা মনোয়ারা বেগম ও ভাই মুন্না পারভেজের সঙ্গে বছর পাঁচেক আগে ভারতে পাচার হয়েছিল আফরোজা খাতুন। কারাগার ও কিশোরী উন্নয়ন কেন্দ্র—এই টানাহেঁচড়ায় কাটে জীবন। এক পর্যায়ে মায়ের মৃত্যু হয়। ভাইটিও দেশে ফিরে আসে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহযোগিতায় গতকাল শনিবার দেশে ফিরেছে আফরোজা। পাবনার সদর উপজেলার জহিরপুরে ওই কিশোরীর বাড়ি।
সকালে পিলখানায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের কাছে আফরোজাকে হস্তান্তর করেন বিএসএফের বিশেষ মহাপরিচালক-পূর্ব বি ডি শর্মা। আজ রোববার ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে যোগ দিতে আসা ভারতীয় প্রতিনিধিদলের সদস্যরা আফরোজাকে সঙ্গে নিয়ে এসেছেন।
ভাগ্যান্বেষণে আফরোজা ও তার ভাই মুন্না পারভেজকে নিয়ে মা মনোয়ারা বেগম দালালের সহায়তায় ২০০৯ সালের জানুয়ারিতে অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে ভারতে যান।
বিভিন্ন ঘটনাপ্রবাহের পর বালুরঘাট সীমান্তে ভারতীয় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। মনোয়ারাকে অনুপ্রবেশের দায়ে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার রুপি জরিমানা করেন স্থানীয় আদালত। আফরোজার জায়গা হয় মায়ের সঙ্গে কারাগারেই। মুন্নাকে পাঠানো হয় কিশোর সংশোধনী কেন্দ্রে। পরবর্তী সময়ে মা ও মেয়েকে মুর্শিদাবাদের বহরমপুর কারাগারে স্থানান্তর করা হয়। মনোয়ারা ১৩ অক্টোবর মারা যান।
এরপর আফরোজা ও মুন্নাকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা শুরু করে বিজিবি।
এরই মধ্যে অনাথ আফরোজার দুঃখ-দুর্দশার কথা জানতে পেরে পশ্চিমবঙ্গ কারা অধিদপ্তরের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক বি ডি শর্মা (বর্তমানে অতিরিক্ত মহাপরিচালক, বিএসএফ-ইস্ট) তার স্থানীয় অভিভাবকের দায়িত্ব নেন।
ভারত সরকারের অনুমতি নিয়ে আফরোজাকে রানাঘাট হলি চাইল্ড হোমে ভর্তির ব্যবস্থা করেন শর্মা। অনাথ দুই শিশুর সহায়তার জন্য রাজ্য মানবাধিকার কমিশনকেও অনুরোধ জানান তিনি। কমিশন শিশু দুটিকে ক্ষতিপূরণ হিসেবে দেড় লাখ রুপি দেয়। ২০১১ সালের ২৪ আগস্ট মুন্নাকে বাংলাদেশে ফেরত আনা হয়।