আফসানা যে বাসায় মারা যান সেই বাসার খোঁজ পাওয়ার দাবি

স্থাপত্যের ছাত্রী ফেরদৌসী আফসানা যে বাসায় মারা গেছেন, রাজধানীর মানিকদীর সেই বাসার খোঁজ পাওয়া গেছে বলে দাবি তাঁর পরিবারের। তারা অভিযোগ করেছে, ছাত্রলীগের নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে আফসানাকে মানিকদীর ওই বাসায় নিয়ে হত্যা করা হয়। আজ বা কাল হাবিবুরকে আসামি করে কাফরুল থানায় হত্যা মামলা করা হবে।
তবে স্থানীয় বাসিন্দারা বলেন, আফসানা ও হাবিবুর রহমান স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন। ওই বাসায় তাঁরা মাঝে মাঝে থাকতেন।
এদিকে আফসানার মৃত্যুকে হত্যা দাবি করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা, ঠাকুরগাঁও ও রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
গতকাল শনিবার আফসানার মামা হাসানুর জামান প্রথম আলোকে বলেন, আফসানা মানিকদীর যে ভবনের একটি বাড়িতে গৃহশিক্ষকতা করতেন, সেই ভবনের নিচতলার একটি ঘরে থাকতেন। ওই বাড়ি থেকে তিনটি বাড়ি পর একটি বাড়ির নিচতলায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান ওরফে রবিনের তিন বন্ধু ভাড়া থাকতেন। ১২ আগস্ট মিরপুরের সেনপাড়ার আল-হেলাল হাসপাতালে আফসানার লাশ পাওয়ার পর ওই তিন যুবক বাসাটি ছেড়ে পালিয়ে গেছেন। খোঁজাখুঁজির পর তাঁরা ওই বাসার সন্ধান পান এবং তিন যুবক সম্পর্কে জানতে পারেন। হাসানুর জামান মনে করছেন, তিন বন্ধুর ওই বাসায় নিয়ে তাঁদের সহযোগিতায় আফসানাকে শ্বাসরোধে হত্যা করেছেন হাবিবুর।
স্বজনেরা বলেন, আট দিনেও পুলিশ তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তারে উদ্যোগ নেয়নি। মিরপুরের আল-হেলাল হাসপাতালে আফসানার নিথর দেহ রেখে পালিয়ে যাওয়ার দৃশ্য হাসপাতালের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এই ভিডিও ফুটেজ পুলিশের হাতে রয়েছে। এর মধ্যে একজনকে হাবিবুর বলে মনে করছে পুলিশ।
আফসানার মামা হাসানুর বলেন, ‘পুলিশ অপমৃত্যু মামলা করলেও আমরা মামলা করার সুযোগ পাইনি। ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করব না। রোববার বা সোমবার হাবিবুরকে আসামি করে কাফরুল থানায় হত্যা মামলা করব।’ আফসানার অস্বাভাবিক মৃত্যুর স্থান সম্পর্কে জানতে চাইলে গতকাল বিকেলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন প্রথম আলোকে বলেন, ‘তদন্ত চলছে। এ বিষয়ে পরে জানানো হবে।’
আফসানার মৃত্যুকে হত্যা দাবি করে গতকাল কমিউনিস্ট পার্টি নারী সেল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, আফসানা হত্যায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সন্ধ্যায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা শাখা।
রাজবাড়ী প্রতিনিধি জানান, ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখা গতকাল শনিবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে।