প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহবধূ আফসানা আক্তার হত্যার ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের তৎপরতা নেই। গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আফসানার ভাই আবদুর রাজ্জাক এ অভিযোগ করেন।আবদুর রাজ্জাক লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ১৬ আগস্ট আফসানা হত্যার বিচার এবং এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। এর পরও আসামিদের গ্রেপ্তার করার ব্যাপারে পুলিশের তৎপরতা লক্ষ করা যাচ্ছে না। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত প্রতিবেদনে আফসানার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, আসামিরা এলাকায় নেই। এ জন্য আমাদের তৎপরতা চোখে পড়ছে না।’