আফসানার মা-বাবাকে কেড়ে নিল বাস
পাঁচ বছর বয়সী আফসানা মীমের মা-বাবা দুজনকেই কেড়ে নিয়েছে বাস। গত মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়ায় বাসচাপায় মারা গেছেন ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী বুদ্ধিপ্রতিবন্ধী আফসানার বাবা খলিলুর রহমান (৪৫) ও মা আজমেরি বেগম (৩৫)। দুর্ঘটনায় সহযাত্রী মায়া চৌধুরী (৫৫) নিহত ও একমাত্র সন্তান আফসানা আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শনির আখড়ায় সোনাপুর থেকে সায়েদাবাদগামী যাত্রীবাহী একটি বাস অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী আজমেরি বেগম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত খলিলুর ও মায়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ডান চোখের ওপরের দিকে সামান্য আঘাত পাওয়া আফসানাকে স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে যাত্রাবাড়ী থানায় নিয়ে যান। স্বজনেরা সেখান থেকে তাঁকে মঙ্গলবার বেলা তিনটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
নিহত আজমেরির ভাই জাহাঙ্গীর কবীর বলেন, টিকাটুলীর শহীদ নবী উচ্চবিদ্যালয়ের কর্মচারী খলিলুর স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে রায়েরবাগের এক বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার সরকারি ছুটির দিনে মেয়েকে নিয়ে তাঁরা শ্যামলীতে আত্মীয়ের বাসার উদ্দেশে রওনা দিয়েছিলেন। ১২ বছর আগে খলিলুরের সঙ্গে আজমেরির বিয়ে হয়। বিয়ের সাত বছর পর ঘর আলো করে আসা বুদ্ধিপ্রতিবন্ধী আফসানাকে নিয়ে ছিল তাঁদের সুখের সংসার। মা-বাবাহারা আফসানাকে আপাতত ঢাকায় এক আত্মীয়ের বাসায় রাখা হয়েছে।
খলিলুরের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশায়। আজমেরির গ্রামের বাড়ি একই উপজেলার মদনপুরায়।
নিহত অপর যাত্রী মায়া চৌধুরীর বোন সেলিনা বেগম সাংবাদিকদের বলেন, মায়া রায়েরবাগে থাকতেন। তাঁর স্বামীর নাম নূরুল ইসলাম, গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। ফেরি করে কাপড় বিক্রি করতেন মায়া। পাওনা টাকা আনার জন্য সায়েদাবাদে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
যাত্রাবাড়ী থানার এসআই রাসেল হোসেন বলেন, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।