আফসানার 'হত্যাকারীদের' গ্রেপ্তারে সাত দিনের সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে ছাত্র ইউনিয়ন। ছবি: ফোকাস বাংলা
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে ছাত্র ইউনিয়ন। ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কর্মী ফেরদৌস আফসানার রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুরে ‘বিক্ষুব্ধ পদযাত্রা’ শেষে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া এক স্মারকলিপিতে এই সময় বেঁধে দেওয়া হয়।
‘বিচারহীনতার সংস্কৃতির শেষ কোথায়, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাই, আফসানা হত্যার বিচার চাই’ লেখা ব্যানার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে দোয়েল চত্বরে গেলে পুলিশি বাধার মুখে পড়ে। বাধা অতিক্রম করে প্রেসক্লাবের সামনে গেলে পুলিশ দ্বিতীয়বার বাধা দেয়। সেখানকার বাধাও ভেঙে ফেলেন ছাত্ররা।
পুলিশের ব্যারিকেড ভাঙতে গিয়ে এ সময় তিন নেতা আহত হন। এঁরা হলেন কনক হায়াত, আবদুল্লাহ আল নোমান ও রাজীব রাজকুমার। পরে তাঁরা প্রেসক্লাব ও সচিবালয়ের মাঝের রাস্তায় সমাবেশ করেন।
সমাবেশে স্মারকলিপি পাঠ করে শোনান ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার। তিনি বলেন, সাত দিনের মধ্যে আফসানা হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে মন্ত্রীর পদত্যাগ দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে।
এ ছাড়া স্মারকলিপিতে আফসানা হত্যার পুনরায় ময়নাতদন্ত করা, সোহাগী জাহান তনু-মাহমুদা খানম মিতুর হত্যাকারীদের প্রকৃত স্বরূপ উন্মোচন করে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। সমাবেশ শেষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে আসেন।

রাজধানীর একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী আফসানার মরদেহ গত শনিবার বিকেলে রাজধানীর মিরপুরের আল-হেলাল হাসপাতালে রেখে পালিয়ে যায় দুই যুবক। পরিবার থেকে অভিযোগ করা হয়, তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হত্যা করেছেন আফসানাকে।

পুলিশের বাধার সম্মুখীন হওয়ার আগে ছাত্র ইউনিয়নের মিছিল। ছবি: ফোকাস বাংলা
পুলিশের বাধার সম্মুখীন হওয়ার আগে ছাত্র ইউনিয়নের মিছিল। ছবি: ফোকাস বাংলা

এ ঘটনায় কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন আজ সোমবার প্রথম আলোকে বলেছেন, তদন্তে এখনো বলার মতো কোনো অগ্রগতি হয়নি। গত রোববার আফসানার ফরেনসিক ও ভিসেরা পরীক্ষার জন্য নমুনা দুই জায়গায় পাঠানো হয়েছে। এখনো এর প্রতিবেদন পুলিশের হাতে এসে পৌঁছায়নি।