আফসারি হত্যার বিচার হবে তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রী আফসারি আক্তারের ২২তম জন্মদিন আজ। কিন্তু এবার জন্মদিনে তাঁর মা মেয়ের পছন্দের খাবার রান্না করবেন না। ছোট বোন তাঁকে শুভেচ্ছা জানাবে না। কারণ, পরিবারের সবার পছন্দের মেয়েটি বখাটের ইটের আঘাতে আহত হয়ে গত বছরের ৬ সেপ্টেম্বর চলে গেছেন না ফেরার দেশে। তবে পরিবারের লোকজন মেয়ের হত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন।
গতকাল শুক্রবার আফসারির বাবা-মা আতাউর রহমান ও হালিমা আক্তারের সঙ্গে কথা বলতে গেলে দুজনেই কান্নায় ভেঙে পড়েন। এ সময় হালিমা আক্তার বলেন, আর কোনো দিন মেয়ের জন্মদিনে পছন্দের খাবার রান্না করা হবে না তাঁর। আতাউর রহমান জানান, মেয়ের জন্মদিন উপলক্ষে বাড়ির পাশের মসজিদে মিলাদ পড়বেন।
এদিকে আফসারির মৃত্যুর পাঁচ মাস হতে চললেও অভিযুক্ত আবদুস সামাদকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, নারীবাদী সংগঠনসহ বিভিন্ন পেশার মানুষ সামাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলন করছে।
আফসারির পরিবার বলছে, আসামি ধরার ক্ষেত্রে পুলিশের আন্তরিকতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, আসামি ধরার ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।
ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থী আফসারি গত ১ সেপ্টেম্বর তাঁর এক বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে। সেখানেই প্রতিবেশী আবদুস সামাদের রোষের শিকার হন তিনি। সামাদ ইটের উপর্যুপরি আঘাতে থেঁতলে দেয় আফসারির মুখ। চিকিৎসাধীন অবস্থায় ৬ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।