আফসারী হত্যার ঘটনায় সামাদের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের আনন্দমোহন কলেজের ছাত্রী আফসারী আক্তার (২১) নিহত হওয়ার ঘটনায় আবদুস সামাদ ওরফে রাজু নামের সেই বখাটে যুবকের বিরুদ্ধে হত্যা মামলা করেছে আফসারীর পরিবার।
আজ শনিবার বেলা দুইটার দিকে এ মামলা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার।
পাঁচ দিন অচেতন থাকার পর গতকাল শুক্রবার আফসারী আক্তার মারা যান। গত রোববার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে আফসারী তাঁর বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। একই পাড়ার বাসিন্দা সামাদ এ সময় তাঁদের পিছু নেন। একপর্যায়ে কথা বলার জন্য ডেকে নিয়ে সামাদ ইট দিয়ে আফসারীর মাথা ও মুখ থেঁতলে দেন। তখন থেকে আফসারী অচেতন ছিলেন। পাঁচ দিন ঢাকার ইবনে সিনা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিত্সাধীন থাকার পর গতকাল সকালে তিনি মারা যান।
গোলাম সারওয়ার প্রথম আলো ডটকমকে বলেন, ‘এই মামলার আসামি একজনই। আফসারীকে জখম করার পর থেকে সে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের এই ছাত্রীর স্বজন নাসের রহমান জানান, আফসারীরা দুই বোন। তিনি ছিলেন বড়। মেয়েকে হারিয়ে আফসারীর মা-বাবা শোকে মুহ্যমান।
আজ সকালে আনন্দমোহন কলেজ ও মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের ছাত্রছাত্রীরা আফসারীর হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন।