আফসারীর খুনিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ময়মনসিংহে কলেজছাত্রী আফসারী আক্তারের খুনিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নারীবাদী সংগঠনের কর্মীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
গতকাল দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনে ওই মানববন্ধন হয়। এতে সরকারি আনন্দ মোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি কলেজ, অ্যাডভান্স রেসিডেনসিয়াল কলেজ ও রয়েল মিডিয়া কলেজের কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। এ সময় সরকারি আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের শিক্ষক আফজালুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও নারীবাদী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা আফসারী হত্যাকাণ্ডে অভিযুক্ত আবদুস সামাদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।
১ সেপ্টেম্বর আফসারী আক্তার বখাটের ইটের আঘাতে গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ সেপ্টেম্বর মারা যান। তিনি সরকারি আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন।