আফিল ও মনিরুলের বিষয়টি আদালতের ওপর ছেড়েছে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগের দুই সাংসদ শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি গতকাল সোমবার হয়নি। নির্বাচন কমিশন (ইসি) বিষয়টি আদালতের ওপর ছেড়ে দিয়েছে। একই সঙ্গে কমিশন এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রুলের জবাব দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।
যশোর-১ আসনের প্রার্থী শেখ আফিল উদ্দিন ও যশোর-২ আসনের প্রার্থী মনিরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে গতকাল কমিশনে শুনানি হওয়ার কথা ছিল। নির্ধারিত সময় বেলা ১১টার আগেই দুই প্রার্থী তাঁদের আইনজীবীসহ কমিশন সচিবালয়ে হাজির হন। কমিশন শুনানি করবে না জানার পর তাঁরা ফিরে যান।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, ওই দুই প্রার্থী কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন। হাইকোর্ট জানতে চেয়েছেন, কেন তাঁদের নাম গেজেটে প্রকাশ করা হচ্ছে না। এ বিষয়ে ২৯ জানুয়ারির মধ্যে কমিশনকে জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি শুনানি হবে। সে জন্য কমিশন নিজস্ব শুনানি না করার সিদ্ধান্ত নিয়েছে।
৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হন। তবে ১ জানুয়ারি শাহিন উল কবীর নামের এক ব্যক্তি এই দুই প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন। তাতে বলা হয়েছে, দুই প্রার্থী দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন, প্রতিটি কেন্দ্রে ১০০ জন কর্মী কেন্দ্র দখল করে দুপুর ১২টার মধ্যে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করবেন।
এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচনী তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে কমিশন এই দুই সাংসদের নাম গেজেটে প্রকাশ করেনি। বরং ৭ জানুয়ারি তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশের জবাবে শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলাম অভিযোগ অসত্য বলে দাবি করেন। তবে কমিশন তাঁদের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি। সে জন্য কমিশন তাঁদের শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ গতকাল আরও বলেন, কমিশন এ মামলায় পক্ষ হবে। এর আগে যশোর থেকে কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হবে। সে জন্য আদালতের কাছে সময় চাওয়া হবে।