আফিল ও মনিরের শুনানি ২৭ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও ২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত সাংসদ যথাক্রমে শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলামের প্রার্থিতা বাতিল-সংক্রান্ত শুনানি ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয় সূত্র এ তথ্য জানায়। জানতে চাইলে নির্বাচন কমিশনার এম শাহ নেওয়াজ বলেন, কমিশন আদালতের নির্দেশের কপি হাতে পেয়েছে। সে অনুযায়ী দুই সাংসদকে শুনানিতে অংশ নেওয়ার জন্য ডেকেছে।
গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে দুই প্রার্থী আফিল উদ্দিন ও মনিরুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপিত হয়। এ বিষয়ে প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর কমিশন অভিযোগ আমলে নেয়। পরে কমিশনের তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। এরপর কমিশন ৬ জানুয়ারি সদস্যপদ কেন বাতিল হবে না—এ মর্মে দুই সাংসদকে কারণ দর্শাতে বলে। একই সঙ্গে কমিশন ৮ জানুয়ারি প্রকাশিত গেজেট থেকে এ দুই সাংসদের নাম বাদ দেয়। কিন্তু দুই সাংসদ কমিশনের শুনানিতে অংশ না নিয়ে কমিশনের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। এরপর হাইকোর্ট শুনানি শেষে তাঁদের আদেশের কপি হাতে পাওয়ার দুই সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।