মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীদূষণের দায়ে আফিল পেপার মিলস লিমিটেডকে ২০ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ মুনীর চৌধুরী গতকাল মঙ্গলবার কারখানার ব্যবস্থাপনা পরিচালক শেখ আফিল উদ্দিনকে এ জরিমানা করেন। একই সঙ্গে তিনি জরুরি ভিত্তিতে সব ত্রুটি দূর করে পরিবেশ সংরক্ষণ আইন মেনে চলার নির্দেশ দিয়েছেন।পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আফিল পেপার মিলস পরিবেশ অধিদপ্তরকে না জানিয়ে বেআইনিভাবে এর উৎপাদনক্ষমতা বৃদ্ধি করে এবং বর্জ্য ব্যবস্থাপনায় মারাত্মক ত্রুটি রেখে উৎপাদন অব্যাহত রাখে। এ ছাড়া ২০১০ সাল থেকে এ পর্যন্ত কয়েক দফা কারখানাটির বর্জ্য পানির নমুনা সংগ্রহ করে দূষণের প্রমাণ পাওয়া যায়। দূষিত এ পানি গজারিয়ার বড় বালুয়াকান্দির অদূরে মেঘনা নদীতে পড়ছে, যা নদীর পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে।কারখানার পক্ষে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আকমল হায়দার ঘটনার দায়দায়িত্ব স্বীকার করে এবারের মতো ক্ষমা চেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।এ প্রসঙ্গে পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, ‘অব্যাহতভাবে নদী ও পরিবেশের ক্ষতিসাধনকারীদের ক্ষমা করার সময় বহু আগেই পার হয়ে গেছে। বারবার সতর্ক করার পরও পরিবেশ আইন অমান্য করা গুরুতর অপরাধ। কারখানাগুলোকে বর্জ্য পরিশোধনে আধুনিক প্রযুক্তি আনতে হবে এবং বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) সার্বক্ষণিক চালু রাখতে হবে। পরিবেশ রক্ষা ব্যবসায়িক নৈতিকতার অংশ।’