আফিল-মনিরুলের আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেজেট প্রকাশিত না হওয়ায় বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগের দুই সাংসদ শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলামের করা পৃথক দুটি রিট আবেদন পর্যবেক্ষণ দিয়ে নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. খুরশীদ আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণ সাপেক্ষে নির্বাচন কমিশনে থাকা অভিযোগ রায়ের অনুলিপি পাওয়ার দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী।

আদালতের পর্যবেক্ষণের বিষয়ে কামরুল হক সিদ্দিকী প্রথম আলোকে বলেন, রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনে জমা দেওয়ার পর অবিলম্বে ওই ফলাফল গেজেট আকারে প্রকাশ করা সমীচীন। অন্য কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।

৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসনে শেখ আফিল উদ্দিন ও যশোর-২ আসনে মনিরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হন। তবে ১ জানুয়ারি শাহিন উল কবীর নামের এক ব্যক্তি এই দুই প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন। এতে বলা হয়েছে, দুই প্রার্থী দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন, প্রতিটি কেন্দ্রে ১০০ জন কর্মী কেন্দ্র দখল করে দুপুর ১২টার মধ্যে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করবেন।

এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচনী তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে কমিশন এই দুই সাংসদের নাম গেজেটে প্রকাশ করেনি। বরং ৭ জানুয়ারি তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশের জবাবে শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলাম অভিযোগ অসত্য বলে দাবি করেন। তবে কমিশন তাঁদের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি।

দুজনই নোটিশের জবাব দেওয়ার পাশাপাশি কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেন আদালত।

রিটকারীদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন তৌহিদুল ইসলাম।