আফিলের আধিপত্যের 'দুর্গে' হানা
যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক সাংসদ শেখ আফিল উদ্দীনের আধিপত্যের দুর্গে হানা দিয়েছে দলেরই আরেকটি অংশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আফিল উদ্দীনের পছন্দের দুই প্রার্থীকে বাদ দিয়ে অন্য দুজনকে শার্শা ও ঝিকরগাছা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন দিয়েছে জেলা আওয়ামী লীগ।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে যশোর-২ আসনের (ঝিকরগাছা-চৌগাছা) প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় ভোট-সংক্রান্ত বিতর্কিত বক্তব্য দেন আফিল উদ্দীন। এ নিয়ে ‘আ.লীগ সাংসদের নির্দেশ, ১০০ কর্মী কেন্দ্রে থাকবে পালাক্রমে ভোট দেবে’ শিরোনামে গত ৩ জানুয়ারি প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপর আফিল উদ্দীনের বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়। মনিরুল ইসলামের প্রতিপক্ষের লোকজন নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ করেন। প্রধান নির্বাচন কমিশনার আফিল ও মনিরুলকে কারণ দর্শানোর নোটিশ দেন। এ ছাড়া উচ্চ আদালতেও মামলা হয়। যে কারণে আফিল ও মনিরুল সাংসদ হিসেবে এখন পর্যন্ত শপথ নিতে পারেননি।
এ সুযোগে আওয়ামী লীগের যশোর জেলা কমিটি আফিলের একক আধিপত্যের দুর্গে হানা দিয়েছে। বছর খানেক আগে আওয়ামী লীগের বেনাপোল পৌর ও শার্শা উপজেলা কমিটি আংশিকভাবে গঠন করা হয়। ওই কমিটিতে আফিলের অনুসারীদের শতভাগ প্রাধান্য ছিল।
আফিল আর মনিরুল যখন সাংসদ পদ রক্ষায় আদালতে দৌড়ঝাঁপ করছেন, তখন বেনাপোল পৌর কমিটি ভেঙে দিয়ে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যে কমিটিতে দলের আফিলবিরোধী নেতা-কর্মীরাই প্রাধান্য পেয়েছেন।
অপরদিকে ৬৭ সদস্যের শার্শা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় আফিলের মাত্র আট-দশজন অনুসারী স্থান পেয়েছেন। ওই পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরের দিন আফিলের অনুসারীরা কমিটির সাতজনকে বেদম মারধর করে হাসপাতালে পাঠান।
এদিকে গত ৩০ জানুয়ারি শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হকের বাসভবনে উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী বাছাই-সংক্রান্ত একটি বৈঠক হয়। ওই বৈঠকে আফিল উদ্দীন উপস্থিত ছিলেন। বৈঠকে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হককে সমর্থনের ঘোষণা দেওয়া হয়। পরে জেলা কমিটি সেটি না মেনে ওই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নানের নাম ঘোষণা করে।
একইভাবে ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আফিলের পছন্দের প্রার্থী ওই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মুসা মাহমুদকেও বাদ দিয়ে যুবলীগের নেতা মনিরুল ইসলামকে দলের সমর্থিত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে জেলা কমিটি।
আফিলের সমর্থন নিয়ে সিরাজুল হক ও মুসা মাহমুদ আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে মুসা মাহমুদ দলীয় সমর্থন না পেয়ে নাগরিক কমিটির ব্যানারে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে সম্প্রতি জেলা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ঝিকরগাছা ও শার্শা উপজেলায় আফিল উদ্দীনের সমর্থন পাওয়া ওই দুই ‘বিদ্রোহী’ প্রার্থীসহ কয়েকজনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার বলেন, আফিল উদ্দীন জেলা কমিটির সহসভাপতি। এককভাবে প্রার্থী সমর্থন ঘোষণার এখতিয়ার তাঁর নেই।
আফিল উদ্দীন বলেন, ‘জেলা কমিটির প্রতিনিধি হিসেবে আমি উপস্থিত থেকে তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করেছি।’