আফিলের পত্রিকা বিক্রি না করায় দোকানে আগুন
যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ শেখ আফিল উদ্দীনের মালিকানাধীন সংবাদপত্র বিক্রি না করায় ঝিকরগাছা উপজেলার সংবাদপত্র পরিবেশক সমীর চক্রবর্তীর ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল নয়টার দিকে আফিল-সমর্থক কর্মীরা ওই ঘটনা ঘটান।
প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, ঝিকরগাছা সদরের সন্তোষ টাওয়ারে সংবাদপত্র পরিবেশক প্রয়াত সন্তোষ চক্রবর্তীর দোকান। গতকাল ভোরে আফিলের বিরোধী পক্ষের এক কর্মী ওই দোকানে গিয়ে আফিলের মালিকানাধীন দৈনিক স্পন্দন পত্রিকায় বিক্রি করতে বারণ করেন। ভয়ে দোকান থেকে স্পন্দন পত্রিকা সরিয়ে ফেলেন সন্তোষের ভাই স্বপন চক্রবর্তী ও ছেলে সমীর চক্রবর্তী। এই খবর পেয়ে আফিলের সমর্থক ইলিয়াসের নেতৃত্বে ১৫-২০ জন যুবক সকাল নয়টার দিকে ওই দোকানে গিয়ে সংবাদপত্র তছনছ করে। এ সময় প্রথম আলোসহ স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকায় আগুন ধরিয়ে দেয়।
বাধা দিলে সমীর ও তাঁর কাকা স্বপনকে হত্যা করার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে স্পন্দন ছাড়া অন্য পত্রিকা বিক্রি করলে দোকান জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ইলিয়াস ঝিকরগাছা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুসা মাহমুদের ভাই। মুসা স্পন্দন পত্রিকার সহকারী সম্পাদক।
সমীর চক্রবর্তী জানান, সকালে কয়েকজন প্রতিষ্ঠানে গিয়ে সংবাদপত্র তছনছ করে আগুন দেয়। পরে ওপর মহলের লোকজনের হস্তক্ষেপে বিষয়টির নিষ্পত্তি করা হয়। তবে তিনি হামলাকারীদের নাম-পরিচয় জানাতে চাননি।
জানতে চাইলে মুসা মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে ওই দোকানে স্পন্দন পত্রিকা বিক্রি বন্ধ করে দেওয়া হয়। তখন আমি স্বপনকে টেলিফোন করে বলেছি, স্পন্দন না বেচলে অন্য পত্রিকা বেচতে পারবি না। এ সময় আমাদের কিছু নেশাখোর ছেলে অতি উৎসাহী হয়ে ওই দোকানে গিয়েছিল বলে শুনেছি। তাঁরা হয়তো একটু হুটোপাটি করতে পারে। তবে বিষয়টি মিটে গেছে।’
জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন লোক সকালে সংবাদপত্র বিক্রির ওই দোকানে হামলা চালিয়ে ভয়ভীতি দেখিয়েছে বলে শুনেছি। অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।