আফ্রিকান মাগুর বিক্রির অপরাধে জরিমানা
চট্টগ্রাম নগরের ফিসারিঘাটে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ১০০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করার পাশাপাশি তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা মৎস্য দপ্তরের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।নিষিদ্ধ মাগুর মাছ বিক্রেতারা হলেন আবদুল খালেক, সাইফুল ইসলাম ও রাজু মিয়া। তাঁদের দুই হাজার টাকা করে জরিমানার পাশাপাশি মৎস্য আইনে মামলা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম সুমনি আক্তার আদালতে নেতৃত্ব দেন। এ সময় জেলা মৎস্য কার্যালয়ের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা সুদীপ চ্যাটার্জি, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। কামাল উদ্দিন চৌধুরী বলেন, ‘পিরানহা ও আফ্রিকান মাগুর চাষ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। তাই তিন বিক্রেতাকে জরিমানা করা হয়। এ ছাড়া ফিসারিঘাটে বিভিন্ন মাছে ফরমালিন পরীক্ষা করে অস্তিত্ব পাওয়া যায়নি।’