জনশক্তি রপ্তানির নতুন বাজার তৈরির লক্ষ্যে এবার আফ্রিকার কয়েকটি দেশে কৃষিজমি ইজারার সুযোগ নিতে চাইছে বাংলাদেশ। এ পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি আইভরি কোস্ট, ঘানা, লাইবেরিয়া ও সেনেগালের কাছে কৃষিকাজের জন্য জমি ইজারা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশের এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে পশ্চিম আফ্রিকার ওই দেশগুলো।পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল বুধবার তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।পশ্চিম আফ্রিকার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখতে সম্প্রতি পররাষ্ট্রসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ওই দেশগুলো সফর করে। গত ২৪ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এ সফরের সময় প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট দেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে বৈঠক করে।পররাষ্ট্রসচিব জানান, কৃষি খাত ছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, কারিগরি সহযোগিতা-বিনিময়, জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনায় বোঝা গেছে, বাংলাদেশের ব্যাপারে দেশগুলোর যথেষ্ট সদিচ্ছা আছে। এ প্রসঙ্গে তিনি লাইবেরিয়ার এক সাংসদের নিজের সংসদীয় এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ জমি ইজারা দেওয়ার ব্যক্তিগত আগ্রহ প্রকাশের কথা উল্লেখ করেন।সচিবের মতে, শান্তিরক্ষী বাহিনীর ভূমিকার কারণে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তৈরি হয়েছে।ওই চারটি দেশে দূতাবাস খোলা হবে কি না, এ প্রশ্নের জবাবে মিজারুল কায়েস বলেন, আপাতত এ ধরনের কোনো পরিকল্পনা নেই। তবে বাংলাদেশের সঙ্গে পশ্চিম আফ্রিকার দেশগুলোর সহযোগিতা জোরদার করতে ওই সব দেশের নাগরিকদেরই কনসাল জেনারেল হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে।মিজারুল কায়েস বলেন, বৃষ্টিনির্ভরতা অতিক্রম করে ধান উৎপাদনের বিষয়ে দেশগুলো আগ্রহ দেখিয়েছে। এ ক্ষেত্রে তারা বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। বাংলাদেশ কৃষিপণ্য উৎপাদনে জমি ইজারা নেওয়ার পাশাপাশি কৃষিপ্রযুক্তি সরবরাহ, বিশেষজ্ঞ ও কর্মী পাঠানোর প্রস্তাব দিয়েছে।সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর একান্ত সচিব এন আই খান বলেন, সরেজমিন সফরের পর ওই দেশগুলো সম্পর্কে তাঁদের পূর্ব ধারণা পাল্টেছে। বাংলাদেশ সরকার ওই দেশগুলোয় জনশক্তি রপ্তানির ওপর অগ্রাধিকার দিয়েছিল। কিন্তু এর প্রায় সবকটি দেশেই সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে বলে জনশক্তি রপ্তানির প্রস্তাবে ইতিবাচক সাড়া নাও পাওয়া যেতে পারে।এন আই খান বলেন, ‘এ বিবেচনায় আমরা জমি ইজারা নিয়ে কৃষি খাতে সহযোগিতার সুযোগকে কাজে লাগাতে চাইছি। সেখানে বিপুল পরিমাণ জমি নামমাত্র মূল্যে ইজারা নেওয়ার সুযোগ রয়েছে। ইজারা নিয়ে অংশীদারির ভিত্তিতে চাষাবাদের প্রস্তাব দেওয়া হলে তারা যথেষ্ট আগ্রহ দেখিয়েছে।’পররাষ্ট্রসচিব জানান, এ সফরের সময় পোশাকশিল্পের খাতে সহযোগিতা, ওষুধ রপ্তানিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে ওই চার দেশকে।