আফ্রিকার জঙ্গলে জিম্মিদশার বর্ণনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে প্রায় এক মাস আফ্রিকার জঙ্গলে জিম্মি থাকার পর কৌশলে মুক্ত হয়ে দেশে ফিরেছেন দুই ব্যক্তি। গত বুধবার ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা জিম্মিদশার কাহিনি বর্ণনা করেন।

ওই দুজন হলেন আজিজুর রহমান (৪৫) ও তৈয়ব মোল্লা (২৮)। আজিজুরের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামে। তৈয়ব ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করপুর গ্রামের বাসিন্দা। আজিজুর তাঁর ভগ্নিপতি।

আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সাহেব আলী গতকাল বৃহস্পতিবারবলেন, বিদেশে দালালদের হাতে আটকের অভিযোগে গত ২৪ অক্টোবর আজিজুরের স্ত্রী মাহমুদা জামান বরাশুর গ্রামের জলিল মোল্লা, আলফাডাঙ্গার টগরবান গ্রামের এস এম হাবিবুর রহমানসহ চারজনকে আসামি করে মানব পাচার আইনে মামলা করেন। এর মধ্যে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজুর ও তৈয়ব জানান, গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে তাঁদের কানাডা যাওয়ার কথা বলে বিমানে তোলা হয়। সেখান থেকে তাঁদের মোজাম্বিকে নেওয়া হয়। সেখানে দালালদের লোকেরা একটি অন্ধকার কক্ষে তাঁদেরসহ ছয়-সাতজনকে আটকে রাখে। সেখানে খাবার, পানি দেওয়া হতো নামমাত্র। তিন দিন পর তাঁদের অন্য স্থানে নেওয়া হয়। এ সময় তাঁদের সঙ্গে আরও ১৪ জন বাঙালি ছিলেন। সেখানে দিনে একবার ভাত ও সেদ্ধ আলু খেতে দেওয়া হতো। আর বাঁচতে চাইলে বাড়ি থেকে টাকা পাঠানোর কথা বলা হতো। শীতের রাতে দু-তিন ঘণ্টা করে খালি গায়ে রাখত। কথায় কথায় মারধর চলত। কাঠের খণ্ড ও পানির পাইপ দিয়ে পেটাত। দিনের পর দিন খাটের সঙ্গে হাত-পা বেঁধে রাখা হতো। তাঁদের দিয়ে বাথরুম পরিষ্কার করানো হতো। এতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এভাবে ২২-২৩ দিন চলার পর একদিন আটককারীদের মাত্র একজন ছিল। ওই ব্যক্তি বাথরুমে গেলে দরজা আটকিয়ে তাঁরা পালিয়ে যান। কিছু দূর যাওয়ার পর তাঁরা একজন বাংলাদেশির সন্ধান পান। তিনি বাড়ির পেছনের একটি ছোট ঘরে আশ্রয় দেন।

আজিজুর ও তৈয়ব বলেন, সবাই মিলে দেশে যোগাযোগ করে চাঁদা তুলে তাঁরা ১০ অক্টোবর দেশে ফিরতে সক্ষম হন। কানাডা পাঠানোর কথা বলে তাঁদের দুজনের কাছ থেকে প্রায় ৩৯ লাখ টাকা নিয়েছেন জলিল মোল্লা, এস এম হাবিবুর রহমানসহ চার ব্যক্তি।

এ ব্যাপারে কথা বলার জন্য জলিল মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। কারাগারে থাকায় হাবিবুর রহমানের সঙ্গেও কথা বলা যায়নি। তবে তাঁর মেয়ে গতকাল বলেন, তাঁর বাবার নামে দায়ের করা মামলাটি মিথ্যা। তাঁর বাবা আদম ব্যবসায়ী নন এবং বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেননি।