আফ্রিকার নাগরিকসহ ১৩ জন এক দিনের রিমান্ডে
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে হওয়া একটি মামলায় আফ্রিকার ১২ নাগরিকসহ ১৩ জনকে এক দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার দুপুরে ডিবি তাঁদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিবি জানায়, এটি আসামিদের দ্বিতীয় দফার রিমান্ড। এর আগে এ মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। গত ১৩ এপ্রিল বনানী থানায় এ মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। ডিবি মামলার তদন্ত করছে।
মামলার প্রাথমিক বিবরণীতে জানা যায়, এ আসামিরা দীর্ঘদিন ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে ও অন্য প্রযুক্তি ব্যবহার করে ধনী নারী সদস্যদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। তাঁরা নিজেদের ব্রিটিশ নাগরিকসহ উন্নত দেশের নাগরিক পরিচয় দেন। এরপর ওই নারীদের ফেসবুকসহ বিভিন্ন অ্যাকাউন্টে অশ্লীল ছবি দিয়ে প্রতারণার ফাঁদ পেতে টাকা দাবি করেন। এভাবে তাঁরা বিপুল অঙ্কের টাকা আদায় করে বিদেশে পাচার করেছেন।