আফ্রিকায় আটকে পড়া ২০ তরুণের পরিবার কাঁদছে
দূর থেকেই নারীদের কান্নার শব্দ ভেসে আসছে। গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় নড়াইলের লোহাগড়া উপজেলার পোদ্দারপাড়ার শহীদুল্লাহর বাড়ির ভেতরে ঢুকে দেখা গেল, বারান্দায় বসে দুজন কাঁদছে। একজন তাঁর স্ত্রী রাবেয়া বেগম, অন্যজন পুত্রবধূ মৌসুমী খানম। ছেলে এম এ হায়াতুর (২৬) দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর এখন কোনো খোঁজখবর না পাওয়ায় বাড়ির সবাই আতঙ্কিত। শুধু শহীদুল্লাহর পরিবারেই নয়, এমন আতঙ্ক নড়াইলের অন্তত ২০টি পরিবারে।শহীদুল্লাহ জানান, গত ১ জানুয়ারি বৈধভাবেই তাঁর ছেলে হায়াতুর (পাসপোর্ট নম্বর ডব্লিউ-০৯৫৬১৭৯) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছান। সেখানে হাতাহাতির একটি ঘটনাকে কেন্দ্র করে গত ২০ জানুয়ারি ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের বেশ কিছু নাগরিককে আটক করেন সে দেশের নিরাপত্তাকর্মীরা। যেসব দেশ হয়ে তাঁরা দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন, নিরাপত্তাকর্মীরা তাঁদের সেসব দেশে ফেরত পাঠিয়ে দেন।হায়াতুরের মা রাবেয়া বেগম বলেন, গত ২ ফেব্রুয়ারি মুঠোফোনে ছেলের সঙ্গে আমার কথা হয়েছে। সে বলেছে, ‘আমি মোজাম্বিকে আটকা পড়ে খুব কষ্টে আছি। আব্বা, যদি পারেন তবে কারও মাধ্যমে যেন কিছু টাকা আর খাবার পাঠিয়ে দেন।’ভুক্তভোগী ব্যক্তিদের পরিবারের কর্তা শহীদুল্লাহ, আবুল কালামসহ স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, লোহাগড়ার কালনা গ্রামের সোহরাব মুন্সির ছেলে মেহেদি হাসান, কুমোরডাঙ্গা গ্রামের অশোক বিশ্বাসের ছেলে রবীন বিশ্বাস, আমাদা গ্রামের আবুল কাশেমের ছেলে হাসান মাসুদ, শালনগর গ্রামের আকমল হোসেন, লোহাগড়া গ্রামের পোদ্দারপাড়ার সুমন মোল্লা, জয়পুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আলমগীর হোসেনসহ নড়াইলের প্রায় ২০ জন যুবক এভাবে মোজাম্বিক ও জিম্বাবুয়েতে আটকা পড়ে আছে।আমাদা গ্রামের আবুল কাশেম জানান, তাঁর ছেলে হাসান মাসুদ গত ৯ জানুয়ারি দেশ ত্যাগ করে। মুন্সিগঞ্জের এক লোকের মাধ্যমে ছয় লাখ টাকায় ছেলেকে তিনি দক্ষিণ আফ্রিকায় পাঠান। তিনি বলেন, ‘সেখানে পৌঁছেই ছেলে মুঠোফোনে জানায়, দুবাই ও মোজাম্বিক হয়ে সে দক্ষিণ আফ্রিকায় ঢোকে। কিন্তু সেখানে একটি সংঘর্ষের ঘটনায় সে দেশের নিরাপত্তাকর্মীরা অভিবাসন-প্রত্যাশী অনেককে ধরে পাশের দেশগুলোয় পাঠিয়ে দেন। গত ১৮ জানুয়ারির পর ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। বর্তমানে ছেলের কোনো খোঁজখবর না পাওয়ায় আমরা শঙ্কিত।’ ছেলেকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৬ ফেব্রুয়ারি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন জানিয়েছেন।হাসান মাসুদের মা পারুল বেগম জানান, গত ১৮ জানুয়ারি ছেলে তাঁকে বলেছে, সে জিম্বাবুয়েতে আটকা পড়েছে। সেখানে খাওয়ার কষ্টে আছে। খাবারসহ কিছু টাকা পাঠানোর অনুরোধ করে সে।এ প্রসঙ্গে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ নিয়ে কেউ আসেনি। আর কে কখন কোন দেশে যাচ্ছে, সে বিষয়টিও আমাদের জানা নেই।’লোহাগড়া উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এ এম হান্নান বলেন, ‘শুনেছি আমার উপজেলার বিভিন্ন এলাকার কিছু ছেলে আফ্রিকার বিভিন্ন দেশে আটকা পড়েছে। কে কখন কীভাবে কোন দেশে যাচ্ছে, তা স্থানীয় প্রশাসনকে জানিয়ে যায় না। এ জন্য বিদেশে গিয়ে কেউ কোনো সমস্যায় পড়লে স্থানীয় প্রশাসনের কিছুই করার থাকে না।’