আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত জুয়েলকে সোনাইমুড়ীতে দাফন
দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে সন্ত্রাসীর হাতে নিহত ইমরান হোসেনের জুয়েলের (৩৫) লাশ তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। গতকাল রোববার সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের বাড়িতে ইমরানের লাশ দাফন করা হয়। ইমরান উপজেলার মুন্সীবাড়ির আবদুল বারেকের ছোট ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ আফ্রিকায় অবস্থানকারী বাংলাদেশিদের সহায়তায় ইমরানের লাশ নিজ বাড়িতে পৌঁছে। লাশ পৌঁছার পর আশপাশের এলাকার অসংখ্য মানুষ ওই বাড়িতে ভিড় জমান। এ সময় পরিবারের সদস্যদের আহাজারিতে আশপাশের পরিবেশও ভারী হয়ে ওঠে।ইমরানের বড় ভাই কবির হোসেন জানান, ইমরান ২০০৫ সালের ২৬ মার্চ দক্ষিণ আফ্রিকায় যায়। আফ্রিকার কেপটাউন শহরের ইস্টেনক্যাপ দাবাগাজি এলাকায় ব্যবসা করত। কয়েক মাস আগে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তার দোকানে এসে চাঁদা দাবি ও তাকে মারধর করে। এ ঘটনায় ইমরান একটি মামলা করলে পুলিশ তাদের কয়েকজনকে গ্রেপ্তার করে। কিছুদিন পর অভিযুক্তরা আদালত থেকে জামিনে এসে আরও বেপরোয়া হয়ে ওঠে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে ওই সন্ত্রাসীরা ইমরানকে ধরে নিয়ে যায়। শুক্রবার সকালে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কেপটাউন নামক স্থানে ধারালো অস্ত্রের আঘাতে নিহত ইমরানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাংলাদেশিরা পুলিশে খবর দেন। শুক্রবার রাতে তাঁরা মৃত্যুর সংবাদটি পান।