আবদুচ ছালামের চেয়ারম্যান পদে থাকা নিয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আবদুচ ছালামের নিয়োগ, পুনর্নিয়োগ ও সর্বশেষ দেওয়া নিয়োগের ভিত্তিতে পদে থাকা ও কার্যক্রম পরিচালনা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক
শুনানি নিয়ে গতকাল সোমবার এ রুল দেন।
জনপ্রশাসনসচিব, পূর্তসচিব ও সিডিএর চেয়ারম্যানকে এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।
রিট আবেদন থেকে জানা যায়, ২০০৯ সালের ২৩ এপ্রিল ২ বছরের জন্য আবদুচ ছালামকে সিডিএর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। এরপর তাঁকে কয়েক দফা পুনর্নিয়োগ দেওয়া হয়।
সর্বশেষ ২০১৫ সালের ১৬ এপ্রিল তাঁকে পুনর্নিয়োগ দেওয়া হয়, যার মেয়াদ শেষ হওয়ার কথা চলতি বছরের ২২ এপ্রিল। এ অবস্থায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী গত ২০ মার্চ আবদুচ ছালামের পুনর্নিয়োগের বিষয়ে ডিও লেটার পাঠান জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এসবের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল রিটটি করেন চট্টগ্রামের বাসিন্দা আবু সাঈদ চৌধুরী।
পরে আবেদনকারীর আইনজীবী সাকিব মাহবুব প্রথম আলোকে বলেন, সিডিএ অধ্যাদেশ অনুসারে একবারের পর দ্বিতীয়বার পুনর্নিয়োগ বা মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। অথচ তাঁকে চারবার পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।
আইনজীবী সাকিব মাহবুব বলেন, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুসারে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ব্যক্তিগত ব্যবসা বা অন্য কোনো চাকরি করতে পারবেন না। অথচ আবদুচ ছালাম বেসরকারি প্রতিষ্ঠান ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক পদে আছেন। এ ছাড়া
আবেদনকারীর আইনজীবী সাকিব মাহবুব প্রথম আলোকে বলেন, বিধি অনুসারে সরকারি কর্মচারীরা রাজনীতিও করতে
পারেন না, অথচ সিডিএ চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে আছেন। এরপরও পদে থাকা আইনসম্মত নয়। এসব যুক্তিতে রিট করা হলে আদালত ওই রুল দেন।