আবদুজ জহির চৌধুরীর ইন্তেকাল

সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী (৭৭) আর নেই। গতকাল বুধবার বিকেল চারটায় সিলেট নগরের সাগরদীঘিরপাড় এলাকায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আবদুজ জহির স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্র জানায়, তিনি খাদ্যনালীতে ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেও তাঁর অবস্থার অবনতি ঘটছিল। গতকাল রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে বাসায় ফিরিয়ে নেওয়া হয়েছিল।
আবদুজ জহিরের মৃত্যুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।