আবদুর রশিদের মামলা নিষ্পত্তির নির্দেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পরিশোধকারী ব্যক্তিকে ফ্ল্যাট হস্তান্তর না করার অভিযোগে নিরাপত্তা বিশ্লেষক ও কিংডম বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুর রশিদের বিরুদ্ধে করা মামলা ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তি করতে হাইকোর্টের দেওয়া সিদ্ধান্ত বহাল রয়েছে। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবদুর রশিদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি কোনো আদেশ দেননি। ফলে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী জামান আক্তার বুলবুল।
আদালতে আবদুর রশিদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আওসাফুর রহমান বুলু। বাদীপক্ষে ছিলেন জামান আক্তার বুলবুল। পরে জামান আক্তার প্রথম আলোকে বলেন, ফ্ল্যাট দেওয়ার কথা বলে ২ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা নিলেও তা বুঝিয়ে না দেওয়ার অভিযোগে আবদুর রশিদের বিরুদ্ধে ২০১২ সালে মুখ্য মহানগর হাকিম আদালতে পৃথক তিনটি মামলা করেন বসুধা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জাব্বার খান। হাইকোর্টের রায়ে ওই তিন মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে এক মামলায় হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবদুর রশিদ আবেদনটি করেন। চেম্বার বিচারপতি কোনো আদেশ দেননি।
আইনজীবী সূত্র বলেছে, ওই তিন মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন আবদুর রশিদ। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে চলতি বছরের ১৫ ও ১৭ জানুয়ারি হাইকোর্ট রুল খারিজ করে রায় দেন।