আবদুর রহমান হলের ইজারা পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া আবদুর রহমান হল। ছবি: মুসা আহমেদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া আবদুর রহমান হল। ছবি: মুসা আহমেদ।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া নয়টি হলের মধ্যে আবদুর রহমান হলের জায়গা এক বছরের জন্য ইজারা পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে বেদখল হওয়া দুটি হলের ইজারা পেল বিশ্ববিদ্যালয়টি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ছাত্র-শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ‘হল উদ্ধার কমিটি’র প্রতিবেদন অনুযায়ী গতকাল বুধবার এক লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে আগামী এক বছরের জন্য আবদুর রহমান হলের জায়গা ইজারা দিয়েছে সরকার। ঢাকা জেলা প্রশাসক যেকোনো দিন দখলদারদের উচ্ছেদ করে হলটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বুঝিয়ে দেবেন।
ওই হলটিতে দীর্ঘদিন ধরে পুলিশের আট সদস্য সপরিবারে বসবাস করে আসছেন। তাঁদের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই তাঁরা সেখানে বাস করছেন।
বিশ্ববিদ্যালয়ের মোট ১০টি হল বেদখলে ছিল। এর আগে গত ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া নজরুল ইসলাম হলের জায়গা এক বছরের জন্য ইজারা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখনো আরও আটটি হলের জায়গা বেদখলে রয়েছে।