আবদুর রহমানকে দেখতে হাসপাতালে জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাউল আবদুর রহমানকে দেখতে গিয়েছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। গত রোববার সন্ধ্যায় হাসপাতালে এসে তিনি তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

সন্ধ্যা সাতটায় মো. রাহাত আনোয়ারের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে যান। এ সময় জেলা প্রশাসক ছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবজিৎ সিনহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম সাহেদুল ইসলাম, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. রাহাত আনোয়ার জানান, সিলেটের প্রবীণ বাউল আবদুর রহমানের চিকিৎসার সহায়তায় সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন পড়লে, সেটাও জেলা প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখবে। তাঁর মতো প্রখ্যাত বাউলশিল্পীর সুস্থ থাকাটা সিলেটসহ দেশের জন্য অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, ১০ জুলাই গুরুতর অসুস্থ অবস্থায় আবদুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসতন্ত্রের জটিল রোগে ভুগছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁর বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে।