আবদুর রহমানের দৃষ্টি ফেরার আশা চিকিত্সকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রহমানে
আবদুর রহমানে

ককটেল বিস্ফোরণে আহত রংমিস্ত্রি আবদুর রহমানের বাঁ চোখে আজ মঙ্গলবার সকালে টানা চার ঘণ্টা অস্ত্রোপচার করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে অস্ত্রোপচারের পর চিকিত্সকেরা আশা করছেন, কিছুটা হলেও দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন আবদুর রহমান।
গতকাল সোমবার পুরান ঢাকার রায়সাহেব বাজার মার্কেটে ককটেল বিস্ফোরণে আবদুর রহমানের বাঁ চোখটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এই চোখে আজ অস্ত্রোপচারের পর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হাসিবুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আগাম কিছু বলা যাচ্ছে না। আমরা যতটা সম্ভব আবদুর রহমানের বাঁ চোখের কর্নিয়া মেরামত করে দিয়েছি।’

পুরোপুরি দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা কম জানিয়ে ডা. হাসিবুল হাসান জানান, ‘রুগীর অবস্থা এখন ভালো। আবদুর রহমানের ডান চোখের ক্ষতি না হলেও সেটির পরিচর্যা করছি।’

গতকাল প্রথম আলো ডটকমে আবদুর রহমানের ওপর প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তাঁকে বিনা মূল্যে চিকিত্সা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট। অস্ত্রোপচার ছাড়াও আবদুর রহমানের জন্য ইনজেকশনসহ এই হাসপাতাল থেকে প্রয়োজনীয় সব ওষুধ সরবরাহ করা হবে। আবদুর রহমানের চিকিত্সায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসিবুল হাসান জানান, এই বোর্ডের পরামর্শ ও পর্যবেক্ষণে আবদুর রহমানের চিকিত্সা চলবে।
আবদুর রহমানের ছোট ভাই মো. রফিক জানান, সকাল নয়টার দিকে তাঁর ভাইকে অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়। বেলা দেড়টার দিকে ওয়ার্ডে আনা হয়েছে। জ্ঞান ফিরলেও কথা বলতে পারছেন না আবদুর রহমান। চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী আজ রাত পর্যন্ত রুগীর সঙ্গে কথা বলা নিষেধ।