আবদুর রাজ্জাক ছিলেন বঙ্গবন্ধুর হাতে গড়া কর্মীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাঁর মতো বীর যোদ্ধা ও রাজনীতিকের শূন্যতা কখনো পূরণ হবে না।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সরকারের মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এমন মূল্যায়ন করেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আবদুর রাজ্জাক স্মৃতি সংসদ এ আলোচনা সভার আয়োজন করে।
মরহুম আবদুর রাজ্জাকের ঘনিষ্ঠ সহচর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা দুজন ছিলাম ভাইয়ের মতো। তাঁর অনেক স্নেহ-আদর পেয়েছি। আমাদের মধ্যে মাঝেমধ্যে মত-পথের ভিন্নতা হয়েছে, কিন্তু সম্পর্কে চিড় ধরেনি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আবদুর রাজ্জাক ছিলেন একজন পরিশ্রমী ও দেশপ্রেমিক নেতা। আবদুর রাজ্জাক লন্ডনে থেকে একবার তোফায়েল আহমেদের জন্য একটি শার্ট কিনেছিলেন, সেই গল্প শোনান সৈয়দ আশরাফ। অনুষ্ঠানে একাধিক আলোচক আবদুর রাজ্জাককে নিয়ে এ রকম নানা ঘটনার উল্লেখ করেন।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আবদুর রাজ্জাক আমারও নেতা ছিলেন।’ আবদুর রাজ্জাক নিয়ে গবেষণার জন্য একটি গবেষণা পরিষদ গঠন করার প্রস্তাব করেন সুরঞ্জিত।
আবদুর রাজ্জাক যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদজননী জাহানারা ইমামের সঙ্গে থেকে যে আন্দোলন শুরু করেছিলেন, তার উল্লেখ করেন তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু। অন্যদিকে আরেক বাম নেতা সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রাজনীতিবিদদের সম্পর্কে ঢালাওভাবে কটুবাক্য চয়ন করা সমীচীন নয়। আবদুর রাজ্জাকের নিঃস্বার্থ দেশপ্রেম এসব অপপ্রচারের বিরুদ্ধে বড় উদাহরণ। অনুষ্ঠানে আলোচকদের একটি বড় অংশ মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেন।
আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন শেখ শহীদুল ইসলাম, মাহবুব উল আলম হানিফ, মোজাফফর হোসেন পল্টু, মোজাম্মেল বাবু, পীর হাবিবুর রহমান প্রমুখ।