আবদুর রাজ্জাকের কুলখানি অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাকের কুলখানি গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। কুলখানি উপলক্ষে গতকাল বাদ আসর ঢাকার কলাবাগান ক্রীড়াচক্র মাঠে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ। এতে মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, রাজনীতিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা এবং প্রয়াত আবদুর রাজ্জাকের আত্মীয়স্বজনসহ সর্বস্তরের মানুষ যোগ দেন। দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন। দোয়া শুরুর আগে প্রয়াত আবদুর রাজ্জাকের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তাঁর দুই ছেলে নাহিন রাজ্জাক ও ফাহিম রাজ্জাক।আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতার কুলখানিতে দোয়া মাহফিলে যোগ দিতে গতকাল দুপুরের পর থেকে কলাবাগান মাঠে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমাগম ঘটতে থাকে। কুলখানিতে আওয়ামী লীগের নেতাদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মহীউদ্দীন খান আলমগীর, মাহবুব উল আলম হানিফ, ইউসুফ হোসেন হুমায়ুন, ইয়াফেস ওসমান, জাহাঙ্গীর কবির নানক, আবুল কালাম আজাদ, ফজলে নূর তাপস, মাহমুদুর রহমান মান্না, হাবিবুর রহমান খান, আহমেদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল, আবু সাইয়িদ, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাসদের মঈনুদ্দিন খান বাদল, শিরিন আখতার, নাজমুল হক প্রধান, অধ্যাপক হারুন অর রশীদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। আবদুর রাজ্জাক যুক্তরাজ্যের কিংস হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ২৩ ডিসেম্বর মারা যান।