আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী আজ
আজ ২৩ ডিসেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এই দিনে তিনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহাস্পদ ছিলেন।
আবদুর রাজ্জাকের মৃত্যবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। আজ সকাল নয়টায় বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এ ছাড়া দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভা হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দলের সকল পর্যায়ের নেতা-কর্মী এবং জনগণকে এসব কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আবদুর রাজ্জাক বাঙালির স্বাধিকার, স্বাধীনতা, শান্তি ও সামাজিক মুক্তির আন্দোলনে সামনের সারিতে ছিলেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য ও উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তিনি পানিসম্পদমন্ত্রী থাকাকালে ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়।