আবদুল আউয়াল মিন্টুর জামিন মঞ্জুর
পৃথক সাত মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন।
এর আগে মামলার আসামি আবদুল আউয়াল মিন্টু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত মামলায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। এর মধ্যে রয়েছে পল্টন থানার পাঁচটি, শাহবাগ থানার একটি ও রমনা থানায় একটি মামলা। মামলাগুলো হচ্ছে মারামারি, গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশি কর্তব্যকাজে বাধা দেওয়ার মামলা।
আবদুল আউয়াল মিন্টুর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতে বলেন, ‘আসামি অসুস্থ। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। অসুস্থতা বিবেচনায় তাঁর জমিন মঞ্জুর করা হোক।’
তবে রাষ্ট্রপক্ষ মিন্টুর জামিনের বিরোধিতা করে। অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম খান বলেন, ‘আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাঁর জামিন নাকচ করা হোক।’
শুনানি শেষে আদালত এ আদেশ দেন।