আবদুল আলীম কারাগার থেকে জামিনে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিএনপির প্রবীণ নেতা আবদুল আলীম গতকাল শুক্রবার সকালে জামিনে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আবদুল আলীমের জামিননামা কারাগারে এসে পৌঁছায়। কিন্তু বন্দীদের ছাড়া পাওয়ার নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় তিনি সেদিন ছাড়া পাননি। শুক্রবার বেলা ১১টায় তিনি ছাড়া পান। একটি সূত্র জানায়, ছাড়া পেয়ে আবদুল আলীম গাড়িতে করে সরাসরি তাঁর ছেলে ফয়সাল আলীমের বনানীর বাসায় চলে যান। জানা গেছে, আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আবদুল আলীমকে তাঁর ছেলের বাড়িতেই অবস্থান করতে হবে। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আবদুল আলীমকে শর্তসাপেক্ষে এক লাখ টাকার মুচলেকায় জামিন দেন।