
মুক্তিযুদ্ধকালে মানবতা–বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্ত বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীম মারা গেছেন। গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
জানতে চাইলে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আবদুল মজিদ ভূঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় বেলা সোয়া একটার দিকে আবদুল আলীম মারা যান। তাঁর সারা শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছিল। কেমোথেরাপি বা ক্যানসারের অন্য কোনো ধরনের চিকিত্সা নেওয়ার মতো শারীরিক সক্ষমতা তাঁর ছিল না।
একাত্তরে মানবতা-বিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ অক্টোবর আলীমকে আমৃত্যু কারাবাসের সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর বিরুদ্ধে আনা ১৭টি অভিযোগের মধ্যে নয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। রায়ে ট্রাইব্যুনাল বলেন, আসামি আবদুল আলীম একাত্তরে যে নিষ্ঠুর অপরাধ করেছেন, তাঁর একমাত্র সাজা মৃত্যুদণ্ড। কিন্তু তিনি শারীরিকভাবে অক্ষম ও অন্যের সাহায্য ছাড়া চলাফেলা করতে পারেন না। এ জন্য তাঁর মৃত্যুদণ্ডের সাজা লাঘব করে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া হলো। রায় ঘোষণার পর থেকে তিনি বিএসএমএমইউয়ের কারাকক্ষে (প্রিজন সেল) আটক ছিলেন। গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তাঁকে হাসপাতালের কারাকক্ষ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ওই সময় থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী বলেন, ময়নাতদন্ত ও কারাগারের আনুষ্ঠানিকতা শেষে আবদুল আলীমের মরদেহ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু কখন বা কবে মরদেহ হস্তান্তর করা হবে, তা নিশ্চিত করে তিনি জানাতে পারেননি।
আলীমের ছেলে সাজ্জাদ বিন আলীম গতকাল রাত আটটার দিকে জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছিল। কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করবে। এরপর তাঁর দাফনের সময় ঠিক করা হবে।
আবদুল আলীম মারা যাওয়ায় সুপ্রিম কোর্টে তাঁর রায়ের বিরুদ্ধে আপিলের মামলাটিও আর চলবে না। জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, যেহেতু আসামি মারা গেছেন, তাই তাঁর রায়ের বিরুদ্ধে করা আপিলের মামলা বাতিল হয়ে যাবে।
একাত্তরে কনভেনশন মুসলিম লীগের প্রভাবশালী নেতা আবদুল আলীম মুক্তিযুদ্ধকালে জয়পুরহাটে শান্তি কমিটি গড়ে তোলেন। তিনি ছিলেন ওই কমিটির সভাপতি। স্থানীয় পাট ব্যবসায়ী শাওনলাল বাজলার গদিঘর (বাণিজ্যিক দপ্তর) দখল করে সেখানে তিনি পাকিস্তানি সেনাদের ক্যাম্প, শান্তি কমিটির কার্যালয় ও রাজাকারদের প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলেছিলেন। ১৯৭৯ সালে তিনি বিএনপিতে যোগ দিয়ে সাংসদ নির্বাচিত হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে তিনি মন্ত্রী হন।
মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার পর ২০১১ সালের ২৭ মার্চ আবদুল আলীমকে গ্রেপ্তার করা হয়। কিন্তু ৩১ মার্চ শারীরিক অবস্থার কারণে তাঁকে জামিন দেওয়া হয়। বিচারের পুরোটা সময় তিনি জামিনে ছিলেন। ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর আলীমের মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। ওই দিন তাঁর জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে এ বছরের ৯ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক অবস্থায় মারা যান জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফ। তাঁর বিরুদ্ধে মামলাটি ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন ছিল। আসামি মারা যাওয়ায় ১২ ফেব্রুয়ারি ইউসুফের মামলা বন্ধ ঘোষণা করেন ট্রাইব্যুনাল।