একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির নেতা আবদুল আলীমকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা।মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা গতকাল রোববার এই আবেদন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেন। ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মেজবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে শুনানির দিন ধার্য হয়নি উল্লেখ করে তিনি বলেন, ট্রাইব্যুনাল পরে এ-সংক্রান্ত আদেশ দেবেন।গতকালই রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আবদুল আলীমের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দিয়েছেন। আবদুল আলীম গতকাল ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছেন। সকাল ১০টার দিকে তিনি আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে ট্রাইব্যুনালে যান। গত ২১ জুলাই ট্রাইব্যুনাল আলীমের জামিনের মেয়াদ ১৬ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে ওই দিন হাজিরার জন্য ধার্য করে আদেশ দিয়েছিলেন। গত ২৭ মার্চ আবদুল আলীমকে গ্রেপ্তার করা হলেও তাঁর বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনা করে ট্রাইব্যুনাল তাঁকে জামিন দেন।