মানবতাবিরোধী অপরাধী আলীমের ইন্তেকাল

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডাদেশ পাওয়া আবদুল আলীম মারা গেছেন। আজ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন।
বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ আবদুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, চিকিত্সাধীন অবস্থায় বেলা সোয়া একটার দিকে তিনি মারা যায়। তাঁর সারা শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছিল। কেমোথেরাপি বা ক্যানসারের অন্য কোনো ধরনের চিকিত্সা নেওয়ার মতো শারীরিক সক্ষমতা তাঁর ছিল না।
গত মঙ্গলবার রাতে হাসপাতালের প্রিজন সেল থেকে বিএনপির এই নেতাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে গত বছরের ৯ অক্টোবর ৮৩ বছর বয়সী আলীমকে আমৃত্যু কারাবাসের সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর উল্লেখ করে রায়ে ট্রাইব্যুনাল বলেন, ‘কোন অপরাধে কী সাজা দিতে হবে—আইন বা বিধির কোথাও তা সুনির্দিষ্ট বলা নেই। ৮৩ বছর বয়সী আলীম শারীরিকভাবে দুর্বল। তিনি অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না এবং বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। মানসিক বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানো হয় না। আলীম হিসাব কষে শত শত মানুষকে মৃত্যুর মুখে দাঁড় করিয়েছেন, বর্বরতম পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু আইনের অক্ষর তাঁর বর্তমান শারীরিক অবস্থা উপেক্ষা করে নির্দয় হতে পারে না। এ জন্য মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য অপরাধ করার পরও তাঁর সাজা লাঘব করা হলো।’
চূড়ান্ত আদেশে ট্রাইব্যুনাল বলেন, প্রথম অভিযোগে দেশান্তরে বাধ্য করার দায়ে আবদুল আলীমকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হলো। ৬, ৭, ৯ ও ১২ নম্বর অভিযোগে হত্যার উদ্যোগ ও সহযোগিতার দায়ে তাঁকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হলো। ২, ৮, ১০ ও ১৪ নম্বর অভিযোগে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যার দায়ে জীবনের বাকি সময় তাঁকে কারাদণ্ড ভোগ করতে হবে। অর্থাত্ স্বাভাবিকভাবে মৃত্যু না হওয়া পর্যন্ত আলীমকে কারাগারে থাকতে হবে। আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়ায় এর সঙ্গে ২০ বছর ও ১০ বছর কারাদণ্ডের সাজা একীভূত হয়ে যাবে। প্রমাণিত না হওয়ায় ৩, ৪, ৫, ১১, ১৩, ১৫, ১৬ ও ১৭ নম্বর অভিযোগ থেকে আসামিকে খালাস দেওয়া হলো।
একাত্তরে কনভেনশন মুসলিম লীগের প্রভাবশালী নেতা আবদুল আলীম মুক্তিযুদ্ধকালে জয়পুরহাটে শান্তি কমিটি গড়ে তোলেন। তিনি ছিলেন ওই কমিটির সভাপতি। স্থানীয় পাট ব্যবসায়ী শাওনলাল বাজলার গদিঘর (বাণিজ্যিক দপ্তর) দখল করে সেখানে তিনি পাকিস্তানি সেনাদের ক্যাম্প, শান্তি কমিটির কার্যালয়, রাজাকারদের প্রশিক্ষণকেন্দ্র প্রভৃতি গড়ে তোলেন। ১৯৭৯ সালে তিনি বিএনপিতে যোগ দিয়ে সাংসদ নির্বাচিত হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁকে মন্ত্রী করেন।
২০১১ সালের ২৭ মার্চ মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তার হওয়া আলীমকে ৩১ মার্চ শারীরিক অবস্থার কারণে জামিন দেওয়া হয়। বিচারের পুরোটা সময় জামিনে ছিলেন তিনি। যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২২ সেপ্টেম্বর রায় অপেক্ষমাণ রেখে আদেশ দেওয়ার পাশাপাশি ট্রাইব্যুনাল জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রায় ঘোষণার পর থেকে তিনি বিএসএমএমইউর কারাকক্ষে ছিলেন।