আবদুল করিম হত্যা মামলায় ১৮ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আবদুল করিম হত্যা মামলায় ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহম্মেদ খলিলুর রহমান গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মনিরুল ইসলাম, শান্তিজুল ইসলাম, বাইরুল ইসলাম, আনরাস আলী, আনারুল ইসলাম, সাদেকুল ইসলাম, লাড্ডু, আলাউদ্দিন, আতাউর রহমান, আলম, বখতার আলী, মতিন, জালাল উদ্দিন, বকুল, জিয়া রহমান, বিশু, আলম ও বাইরুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৯ আগস্ট সকাল ছয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি গ্রামের নাইমুল ইসলামের ভোগদখলে থাকা জমি প্রতিপক্ষের ২০-২৫ জন লোক জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় আবদুল করিম তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামি বাইরুল ও মনিরুল রড দিয়ে করিমকে পিটিয়ে গুরুতর জখম করেন এবং তাঁকে ধরে নিয়ে বাড়িতে আটকে রেখে মারধর করেন। প্রায় চার ঘণ্টা পরে প্রতিবেশীদের সহযোগিতায় আবদুল করিমকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল করিম মারা যান। ওই ঘটনায় জমির মালিক নাইমুল হক বাদী হয়ে ৩০ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন।