আবদুল কাদেরের কথিত সহযোগী মামুনকে জিজ্ঞাসাবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরের কথিত সহযোগী মামুনকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। গতকাল মঙ্গলবার দুপুরে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।তদন্ত কমিটির সদস্য ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মীর শহীদুল ইসলাম বলেন, কমিটির চার সদস্য প্রায় দুই ঘণ্টা ধরে ঘটনার বিভিন্ন দিক নিয়ে মামুনকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না। শহীদুল ইসলাম বলেন, মামুনকে জিজ্ঞাসাবাদের পর অতিরিক্ত কমিশনারের কার্যালয়ে অস্ত্র মামলার দুই সাক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, গত ১৫ জুলাই খিলগাঁও সি ব্লক এলাকায় গাড়ি নিয়ে ডাকাতির প্রস্তুতির সময় একসঙ্গে কাদের ও মামুনকে গ্রেপ্তার করা হয়। তবে কাদের জানান, তাঁকে ১৫ জুলাই রাত একটার দিকে সাদা পোশাকের পুলিশ সেগুনবাগিচা দুদক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে।