নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা বেগমকে লাঠিপেটা করার অভিযোগে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল কুদ্দুসকে গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার থেকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে তাঁকে গ্রেপ্তার করা না হলে ১৭ মে থেকে লাগাতার কর্মবিরতিসহ আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। বাগাতিপাড়া পাইলট উচ্চবিদ্যালয়ে গতকাল দুপুরে সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।সমিতির ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ মে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, ১৬ মে বিক্ষোভ সমাবেশ, ১৭ মে থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি।বৈঠকে জেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহান, শিক্ষক সমিতির সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক বছির উদ্দিন ও উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।বৈঠক শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম কুমার পালের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে সভাপতি আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার ও সভাপতির পদ বাতিলের দাবি জানানো হয়।উপজেলার ভিতরভাগ বাইআপ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা বেগমের অভিযোগ, গত শনিবার প্রকাশ্যে তাঁকে চুল ধরে মারপিট করে বিদ্যালয় থেকে বের করে দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল কুদ্দুস।বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।