আবদুল গাফফার চৌধুরীর বিরুদ্ধে সকালে মামলা, বিকেলে খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘জীবন্ত উন্মাদ’ বলে মন্তব্য করায় সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকালে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি মানহানির মামলা করা হয়। তবে শুনানি শেষে বিকেলেই খারিজ হয়ে যায় মামলাটি।

বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২–এ মামলাটি করেন বগুড়া জেলা ছাত্রদলের আইনবিষয়ক সহসম্পাদক এ কে এম জাহিদ। বাদীর অভিযোগ রেকর্ড করার পর আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ মামলাটি খারিজ করে দেন।

মামলায় বাদী অভিযোগ করেন, ১৭ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সেভেন মার্চ ফাউন্ডেশন নামের সংগঠন আয়োজিত একটি অনুষ্ঠানে তারেক রহমানের রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন এবং দেশকে অস্থিতিশীল করতে আবদুল গাফফার চৌধুরী ‘তারেক রহমান একজন জীবন্ত উন্মাদ, তাঁকে (তারেক রহমান) অর্ধ উন্মাদ বললেও সম্মান করা হবে এবং উন্মাদ অবস্থাতেই তাঁর শেষ পরিণতি ঘটবে’ বলে মন্তব্য করেন। তারেক রহমানকে জড়িয়ে তাঁর (আবদুল গাফফার চৌধুরী) মন্তব্য ওই দিনই বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এতে তারেক রহমান ও দলের ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আদালতের কাছে আবদুল গাফফার চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করেন বাদী।

আদালত সূত্র জানায়, সকালে মামলাটি দায়েরের পর বাদীর জবানবন্দি রেকর্ড করে বিকেলের কার্যতালিকায় শুনানির জন্য রেখে দেন বিচারক। এরপর বিকেলে মামলাটি খারিজের আদেশ দেন আদালত।