আবদুল জব্বার সম্মাননা পেলেন আলী আসগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক আবদুল জব্বার সম্মাননা পেলেন বিজ্ঞান লেখক ও বিশিষ্ট সংগঠক অধ্যাপক আলী আসগর। বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানকে জনপ্রিয় করার ক্ষেত্রে অবদান রাখার জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র আলী আসগরকে এই সম্মাননা দিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে আবদুল জব্বারের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
অধ্যাপক আবদুল জব্বার বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান চর্চার অগ্রপথিক। তাঁর জন্ম ১৯১৫ সালের ১ জানুয়ারি। ১৯৯৩ সালের ২০ জুলাই তিনি মারা যান।
অনুষ্ঠানে আলী আসগর বলেন, বাংলাদেশের বিজ্ঞানচর্চা প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন অধ্যাপক আবদুল জব্বার। তিনিই প্রথম বাঙালি পাঠকদের বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন সম্পর্কে জানতে ও পড়তে আগ্রহী করে তুলেছিলেন। তিনি আইনস্টাইনের তত্ত্বগুলোকে সরলভাবে উপস্থাপন করতে সক্ষম ছিলেন।
আলী আসগর আরও বলেন, ঢাকা শহরে খেলার মাঠ নেই। যে কারণে শিশুদের মানসিক বিকাশের অন্যতম এই মাধ্যমটি নষ্ট হয়ে গেছে। কিন্তু দখলদারেরা আকাশ দখল করতে পারেনি। প্রতিটি বাড়ির ছাদ যদি মানুষের জন্য আকাশ দেখার উপযোগী করে গড়ে তোলা হয়, তাতে মানুষ, বিশেষ করে শিশুরা উদারভাবে গড়ে উঠবে। মহাকাশের রহস্য জানার আগ্রহ তাদের মানসিক বিকাশে সাহায্য করবে।
অনুষ্ঠানে আবদুল জব্বারের কর্মজীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিন। এরপর আলী আসগরের হাতে মানপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মশহুরুল আমিন।