আবদুল জব্বারের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির সাবেক সাংসদ মো. আবদুল জব্বারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ।

আজ রোববার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে ওই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। আবদুল জব্বারের বিরুদ্ধে গণহত্যা, হত্যা ও নির্যাতনসহ পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মাসে আবদুল জব্বারের বিরুদ্ধে তদন্ত শেষ করে, তা রাষ্ট্রপক্ষের কাছে হস্তান্তর করে তদন্ত সংস্থা। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ফুলঝুরিতে দুজন মুক্তিযোদ্ধাকে হত্যা, নলীতে ১১ জনকে গণহত্যা, ফুলঝুরিতে প্রায় ২০০ হিন্দুকে ধর্মান্তরিত করা এবং আঙুল কাটা ও মঠবাড়িয়ায় ২২ জনকে গণহত্যার অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া তদন্তে তাঁর বিরুদ্ধে লুণ্ঠন ও অগ্নিসংযোগের প্রমাণ মিলেছে। ওই প্রমাণ অনুযায়ী তিনি ও তাঁর নেতৃত্বের রাজাকার বাহিনী ৫৫৭টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছেন।